ঢাকাঃ উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রথিতযশা শিক্ষাবিদ অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট-২০১০ এর ৩১(১) ধারা অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দিয়েছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা ইউনিভার্সিটির পিআর ইনচার্জ প্রদীপ্ত মোবারক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজ চেয়ারম্যানের প্রস্তাবিত অধ্যাপকদের মধ্য থেকে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখাকে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য নিয়োগের আদেশ দেন।
সোমবার উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান এবং বোর্ড অফ ট্রাস্টিজের সদস্যসহ সব ডিন এবং সত বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকমণ্ডলীর উপস্থিতিতে ড. ইয়াসমীন আরা লেখা উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন।
অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা ২০০৩ সাল থেকে উত্তরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট। এই বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপক, বিভাগীয় সভাপতি এবং স্কুল অফ এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশনের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। উপাচার্যের দায়িত্ব পাওয়ার আগে তিনি বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য হিসেবে দায়িত্বরত ছিলেন।
উপ-উপাচার্য হিসেবে তিনি একাডেমিক শ্রেষ্ঠত্ব এবং ব্যতিক্রমী নেতৃত্বের সমন্বয়ের নজির স্থাপন করে সহকর্মী ও শিক্ষার্থীদের নতুন উচ্চতা অর্জনে অনুপ্রাণিত করেছেন। তিনি সর্বদা নারীর ক্ষমতায়নের বিষয়ে বিশেষ জোর দিয়েছেন। বাংলাদেশের হাতে গোনা কয়েকজন নারী উপাচার্যের একজন হিসেবে তিনি অনন্য উদাহরণ সৃষ্টি করলেন।
শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ড. লেখা বিভিন্ন পুরষ্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। তার লেখা বই বাংলাদেশ ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির সহায়ক পুস্তকের অংশ। গবেষণা ও মননশীল লেখা উভয় ক্ষেত্রেই তিনি সব্যসাচী ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দুই দশকেরও বেশি সময়ব্যাপী বিস্তৃত কর্মজীবনে বিভিন্ন মর্যাদাপূর্ণ জাতীয় এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধগুলো তার বুদ্ধিবৃত্তিক ও শিক্ষাক্ষেত্রে তার গভীর অঙ্গীকারের সাক্ষ্য বহন করছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
