ঢাকাঃ ধর্মের নাম ব্যবহার করে জঙ্গি-সন্ত্রাসীরা শান্তির ধর্ম ইসলামকে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম; কিছু মানুষ সন্ত্রাস-জঙ্গিবাদের মাধ্যমে এ ধর্মকে প্রশ্নবিদ্ধ করছে।
সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ইসলাম ধর্মের সঠিক চর্চা ও এর মূল্যবোধ অনুধাবনের জন্যই মডেল মসজিদগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, ইসলাম শান্তির ধর্ম; কিছু মানুষের সন্ত্রাস-জঙ্গিবাদের মাধ্যমে এ ধর্মকে প্রশ্নবিদ্ধ করছে।
আলেম ওলামাগণদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, সন্ত্রাস-জঙ্গিবাদ মানুষকে বিভ্রান্ত করে জীবন কেড়ে নেয়; এখান থেকে মানুষকে বিরত রাখার সব উদ্যোগ নিতে হবে আপনাদের। মাদক, বাল্যবিবাহের মত সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতেও কাজ করতে হবে। এসব ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি।
শান্তির ধর্ম ইসলামের মর্মকথা সবার মাঝে ছড়িয়ে দিতেই দেশব্যাপী মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে- জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ইসলামিক ভাবধারায় এ দেশের মুসলমানরা যাতে ধর্মচর্চার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেটাই আমাদের লক্ষ্য।
নারীর প্রতি সহিংসতা রোধেও এ সাংস্কৃতিক কেন্দ্রগুলো ভূমিকা রাখবে এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের; এখানে সবার সমান অধিকার আছে যার যার ধর্ম পালনের। পবিত্র ইসলাম ধর্মকে যাতে কেউ কলুষিত করতে না পারেন, সেজন্য সজাগ থাকতে হবে আলেমদের। মসজিদসহ সর্বক্ষেত্রে বিদ্যুৎ-পানির অপব্যবহার রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ মডেল মসজিদ নির্মাণ কেন করা হয়েছে– এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, ইসলাম ধর্মের সঠিক চর্চাটা যাতে হয় এবং ইসলাম ধর্মের মর্মবাণীটা যাতে মানুষ সঠিকভাবে জানতে পারে, বুঝতে পারে এবং গ্রহণ করতে পারে সেই লক্ষ্য নিয়েই করা হয়েছে।
শেখ হাসিনা বলেন, ২০১৪ সালে নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলাম প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভায় মডেল মসজিদ নির্মাণ করা হবে এবং ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে, সেটা পর্যায়ক্রমে করে দেয়া হচ্ছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
