এইমাত্র পাওয়া

পদোন্নতি নিয়ে সুখবর দিলেন মন্ত্রী!

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে স্বাস্থ্য খাতে যে সব চিকিৎসক ও নার্সদের পদোন্নতি হচ্ছিল না সেটি নিরসন করে অল্প কিছুদিনের মধ্যে পদোন্নতি দেওয়া হবে। এছাড়া সব শূন্য পদে নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছে। একটি পদও এখন আর শূন্য বা খালি পড়ে থাকবে না।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে মানিকগঞ্জের গড়পাড়ার শুভ্র সেন্টারে মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, দেশে ৩০ হাজার চিকিৎসক রয়েছে। এরমধ্যে আমার মন্ত্রীত্বের সময়ই ১৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। আগে নার্সের সংখ্যা ছিল আঠারো হাজার এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজারে।

এসময় মন্ত্রী মাঠ পর্যায়ে কর্মীদের উদ্দেশ্য করে বলেন, মানুষের মধ্যে বাল্যবিবাহ নিয়ে আলোচনা করতে হবে। বাল্যবিবাহই মা ও শিশু মৃত্যুর অন্যতম কারণ। কেননা অল্প বয়সী শিশু যদি গর্ভবতী হয় তাহলে তার মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই এ বিষয়ে আপনাদের সাধারণ মানুষকে সচেতন করতে হবে।

মন্ত্রী বলেন, একসময় কিডনি ও ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য ঢাকায় যেতে হতো। কিন্তু এখন আটটি বিভাগীয় পর্যায়ে হাসপাতালে প্রায় চার হাজার বেডে কিডনি, ক্যানসার ও হার্টের চিকিৎসা দেওয়া হবে। যার নির্মাণাধীন কাজ প্রায় শেষ পর্যায়ে। জেলা পর্যায়ের সব হাসপাতালে দশ বেডের আইসিইউ ও দশ বেডের ডায়ালাইসিসের ব্যবস্থা করা হচ্ছে। যা এ বছর সম্পন্ন হবে।

জেলা সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, আওয়ামী লীগের সদর উপজেলার সভাপতি মো. ইসরাফিল হোসেন সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. আরশ্বাদ উল্লাহ্, ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বাহা উদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৪/২০২৩        

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.