নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঈদের আগে সরকারি ছুটিতেও কিছু এলাকায় ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো ১৯, ২০ ও ২১ এপ্রিল খোলা রাখতে হবে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ঈদ উপলক্ষে আগামী ২০ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তার আগের দিন বুধবার শবে কদরের ছুটি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান থেকে রপ্তানি বিল বিক্রি এবং ওই শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী–কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এসব শাখা খোলা রাখতে হবে। সরকারি ছুটির দিন সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।
সরকারি ছুটির ওই দিনগুলোতে ব্যাংক লেনদেনের সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ১৯ ও ২০ এপ্রিল (বুধবার ও বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হবে। এই দুইদিন অফিস চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত থাকবে নামাজের বিরতি।
এছাড়া আগামী ২০ এপ্রিল (শুক্রবার) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আর্থিক লেনদেন হবে। লেনদেন পরবর্তী কাজ পরিচালনার জন্য অফিস চলবে বিকেল ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।
এই তিন দিন বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা চালু থাকবে। ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে উল্লিখিত এলাকার বাইরে অবস্থিত কোনো ব্যাংক শাখার ওপর চেক প্রদান করা যাবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
