নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ জেলায় গৃহ শিক্ষক হয়ে সৌদি প্রবাসীর বাড়িতে প্রবেশ করে কৌশলে ছাত্রের মাকে প্রলোভন দেখিয়ে আড়াই লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রের মা বাদি হয়ে গত শনিবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলায় আসামি করা হয়েছে রাজবাড়ীতে কর্মরত বাংলাদেশ রেলওয়ে প্রকল্পের গেট কিপার ও বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামের আক্তার হোসেনের ছেলে ফজলে রাব্বী ইভানকে (২৬)।
মামলার বাদি ও ফরিদপুর জেলার সালথা উপজেলার কসবা গট্টি গ্রামের সৌদি প্রবাসী আরিফুজ্জামান আক্কাসের স্ত্রী মেহেরুন নেছা।
মামলা সূত্রে জানা গেছে, বিগত বছরের মার্চ মাস থেকে ইভান প্রবাসীর দশম শ্রেণীর ছেলেকে গৃহ শিক্ষক হিসেবে পড়ানোর দায়িত্ব নেন। ইভান ওই সময় গৃহকর্ত্রী মেহেরুনকে পরিচয় দেন যে তিনি বাংলাদেশ রেলওয়ে রাজবাড়ীর একজন প্রকৌশলী এবং রেলওয়ের ঠিকাদার। ইভান তার আচরণ এবং শিক্ষক হিসেবে দক্ষতা দেখিয়ে বিশ্বাসযোগ্য হয়ে ওঠেন। সৌদি থেকে ফিরে এলে মেহেরুনের স্বামীকে ঠিকাদারের ব্যবসার পার্টনার বানানোর কথা বলেন। এরপর ইভান বলেন যে, তার মা স্ট্রোক করে আশঙ্কাজনক অবস্থায় আছেন। নগদ টাকার প্রয়োজন। তাই তাকে স্বর্ণালঙ্কার বন্ধক রেখে ৫০ হাজার টাকা দেন মেহেরুন। পরে রাজবাড়ী বাজারের ঝালাইপট্টির মাধবী জুয়েলার্স এন্ড ডায়মন্ডের দোকান মালিক উত্তম কুমার মালাকারের কাছে স্বর্ণালঙ্কার বন্ধক রেখে আরো দুই লাখ টাকা ইভানকে দেন তরা। পরে ইভান বন্ধকী টাকা ফেরৎ দিতে তালবাহানা শুরু করেন। যার একপর্যায়ে তিনি টাকা দেবেন না বলে জানিয়ে দেন।
পরে খোঁজ নিয়ে জানা যায়, ইভান প্রকৌশলী নন, তিনি রাজবাড়ীতে রেলওয়ে প্রকল্পের গেটকিপার হিসেবে কয়েক বছর চাকরি করে রিজাইন দিয়ে চলে গেছেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই আবু তালেব জানিয়েছেন, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
