নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ বকেয়া বেতন না পাওয়ায় বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষকে ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন শিক্ষকরা।
আজ মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা ১১ টার দিকে ওই কলেজের প্রধান ফটক ও অধ্যক্ষের কক্ষে তালা দেয়া হয়।
এ সময় কলেজের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধরা। পরে কলেজের গভর্নিং বডির সদস্যরা এসে অধ্যক্ষকে উদ্ধার করেন।
অবস্থান কর্মসূচি পালনকালে বিক্ষুব্ধ শিক্ষকরা অভিযোগ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে কলেজ থেকে প্রতি মাসে তাদের বেতন দেয়ার কথা থাকলেও গত ১৩ মাস ধরে বেতন পাচ্ছেন না। দেয়ালে পিঠ ঠেকে গেছে তাই বাধ্য হয়ে প্রতিবাদে নেমেছেন তারা।
শিক্ষকরা জানান, গত ১৩ মাস ধরে তাদের কোন বেতন দেয়া হচ্ছে না। সামনে ঈদ কিন্তু বেতন না পেলে কিভাবে পরিবার নিয়ে চলবে সেই চিন্তায় দিশেহারা তারা। দ্রুত যাতে বেতন পরিশোধ করা হয় সেই দাবি তাদের।
অনার্সের কোন শিক্ষকের বেতন বকেয়া নেই দাবি কলেজ অধ্যক্ষের। অযৌক্তিক দাবি চলছে জানিয়ে পাল্টা যুক্তি দেন কলেজ অধ্যক্ষ এস এম খলিলুর রহমান। তিনি বলেন, কলেজ থেকে সবার বেতন পরিশোধ করে দেয়া হয়েছে। নতুন করে অনার্সের শিক্ষকরা প্রতি ক্লাসে ১০০ টাকা করে চাচ্ছে। এটা অযৌক্তিক দাবি।
এদিকে খবর পেয়ে ৪ ঘণ্টা পর অবরুদ্ধ অধ্যক্ষকে উদ্ধার করে কলেজ গভর্নিং বডির সদস্যরা। সমস্যা সমাধানে দুপক্ষের সমন্বয়ে মীমাংসা করা হবে জানালে আন্দোলন স্থগিত করে শিক্ষকরা।
বাবুগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য মোস্তফা কামাল চিশতি বলেন, খবর পেয়ে অধ্যক্ষকে উদ্ধার করা হয়েছে। আশা করি সবার সমন্বয়ে দ্রুত এ বিষয়ে মীমাংসা হবে।
বাবুগঞ্জ ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সের ৫টি বিষয়ে ১১ জন শিক্ষক আছেন। আর মোট শিক্ষার্থী আছেন ২ হাজার ৫০০ জন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

