এইমাত্র পাওয়া

ঢাকায় বেপরোয়া ৩৩৯ কিশোরের ৮০টি গ্যাং

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ দেশের অপার সম্ভাবনাময় প্রজন্ম কিশোরদের অপরাধ এখন প্রধান চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অথচ সড়ক নিরাপত্তা আন্দোলনে দেশের বাতিঘর হয়ে উঠেছিল তারা। এখন এই কিশোরদের অপরাধই দেশের মাথাব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রের “কাঠামোগত সন্ত্রাসের প্রতিবিম্ব” হয়ে উঠেছে কিশোরদের “গ্যাং-কালচার”। ভয় আর খুনের আখড়া হয়ে উঠেছে।

ঢাকায় ৩৩৯ জন কিশোর প্রায় ৮০টি গ্যাং তৈরি করেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ২০১০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ১১ বছরে ঢাকায় কিশোর অপরাধের কারণে ৪৬টি মামলা হয়েছে। যার মধ্যে একটি মামলার বিচার চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এসব কিশোর গ্যাং কালচার গড়ে ওঠার কারণ দীর্ঘদিন ধরে অনুসন্ধান করা হচ্ছে। বাজার অর্থনীতি, বিশ্বায়ন, প্রযুক্তিকেন্দ্রিক জীবন ও বিনোদন, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, পারিবারিক বন্ধন আলগা হওয়া, বৈষম্য বেড়ে যাওয়া, সিনিয়র জুনিয়র বিরোধ, হিরোইজম, ত্রুটিপূর্ণ সামাজিকীকরণের কারণে কিশোর অপরাধ দিনদিন বেড়ে চলেছে।

বিশেষজ্ঞরা বলছেন, টিকটক, লাইকি, ইমো, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহার কিশোর তরুণদের বিপথগামী করে তুলছে।

পুলিশ বলছে, প্রচলিত শিশু আইনে কিশোর অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অনেকটাই জটিল। বর্তমান আইন অনুযায়ী কিশোর অপরাধীদের সংশোধন কেন্দ্রে পাঠানো হলেও তারা কতখানি স্বাভাবিক জীবনে ফিরে আসে সেনি এখনো প্রশ্ন সাপেক্ষ। কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবশালীদের আশ্রয় প্রশ্রয়ে কিশোর অপরাধীরা অপরাধ করতে ইন্ধন পাচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, “রাজনৈতিক সদিচ্ছা কিশোর অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখতে পারে। পুলিশ কিশোর অপরাধে নিয়ন্ত্রণে কাজ করছে। এক্ষেত্রে সফল হওয়ার জন্য দরকার অভিভাবকসহ সমাজের সকল অংশীজনদের সম্পৃক্ততা।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগের শিক্ষক রাউফুন নাহার বলেন, “সবার ভেতর ক্ষত আছে। যারা সন্তানদের সঠিকভাবে লালন-পালন করছে না। যতটুকু গাইডেন্স স্নেহ ভালোবাসা মমতা দেওয়া দরকার তা দিচ্ছে না। কেন দিচ্ছে না সেটারও কিছু কারণ রয়েছে। হয়তো তারাও সেই স্নেহ ভালোবাসা পায়নি। বা তারা জানেন না কীভাবে সেটি দিতে হয়।”

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৪/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.