এইমাত্র পাওয়া

হবিগঞ্জে আদালতে শিক্ষককে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জঃ জেলায় আদালত প্রাঙ্গণে এক শিক্ষককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে আদালত পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় হামলাকারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই শিক্ষককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বাহুবল উপজেলার হাজিপুর গ্রামের আবুল হাসিম পেশায় একজন দলিল লেখক। তিনি ২০১৭ সালে এলাকায় বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব নামে একটি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মাত্র দুই বছরের মাথায় ২০২০ সালে স্কুলটির নিবন্ধনও বাগিয়ে আনেন তিনি।

এরপর থেকেই শুরু করেন স্কুলে শিক্ষক-কর্মচারী নিয়োগ নিয়ে বাণিজ্য। এসব অনিয়মের প্রতিবাদ করলে স্কুলটির শিক্ষক সাইদুর রহমানের সঙ্গে আবুল হাশিমের বিরোধ দেখা দেয়। বিষয়টি মামলা মোকদ্দমা পর্যন্ত গড়ায়।

সোমবার তারা উভয়েই মামলার নির্ধারিত তারিখে আদালতে আসেন। দুপুরে আইনজীবী সমিতির ভেতরে কথা কাটাকাটির এক পর্যায়ে স্কুলের প্রতিষ্ঠাতা আবুল হাসিম ক্ষিপ্ত হয়ে শিক্ষক সাইদুর রহমানকে ছুরিকাঘাত করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আবুল হাসিমকে আটক করে। প্রথমে গুরুতর আহত স্কুল শিক্ষককে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে আদালত প্রাঙ্গণে এ ধরণের ঘটনায় শঙ্কিত বিচার প্রার্থীরা। হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. বদিউজ্জামান জানান, হামলাকারীকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার (১১ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৪/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.