নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের কর্মকর্তা মো. মহিউদ্দিন কর্তৃক একই ডিসিপ্লিনের কর্মচারী লাল মিয়াকে মারধরের অভিযোগ উঠেছে। রোববার (৯ এপ্রিল) ডিসিপ্লিনের অফিস চলাকালীন এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল ডিসিপ্লিনের প্রশ্ন মডারেশন কমিটির মিটিং এর পরে খাবার বণ্টনকে কেন্দ্র করে দুইজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে।
ভুক্তভোগীর ভাষ্যমতে, শিক্ষকদের খাবার দেওয়ায় ভুল করার কারণে খাবারের দায়িত্বে থাকা ডিসিপ্লিনের সেকশন অফিসার মো. মহিউদ্দিন এসে তার উপর চড়াও হন। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘুষি দেন এবং ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। পরে ঘাড়ের উপর পাড়া দিয়ে হাত ধরে টানাহেঁচড়া করেন। এতে তার ঘাড়ের একটি হাড় ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নগরীর খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।
ভুক্তভোগীর শরীরে আঘাতের দাগ স্পষ্ট থাকা স্বত্ত্বেও পুরো অভিযোগ অস্বীকার করেছেন কর্মকর্তা মো. মহিউদ্দিন। তিনি জানান, ওই কর্মচারীকে আমি বিষয়টি জিজ্ঞেস করলেই তিনি আমার উপর ক্ষিপ্ত হন এবং আমাকে প্রথমে আঘাত করেন। আমি প্রতিহত করতে গেলে ধাক্কা লেগে লাল মিয়া পড়ে যান। তখন হয়তো ঘাড়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। এসব ঘটনার সিসিটিভি ফুটেজও রয়েছে।
তবে ডিসিপ্লিনে খোঁজ নিয়ে জানা যায়, ঐ দুই কর্মকর্তা-কর্মচারীর মধ্যে দীর্ঘদীন ধরে মনোমালিন্য চলে আসছিলো। এর আগেও তারা বহুবার তারা বাকবিতণ্ডায় জড়িয়েছেন।
এছাড়া, গতকাল লাল মিয়া দুইজন হিন্দু ধর্মাবলম্বী শিক্ষককে ভুলবশত গরুর মাংসের প্যাকেট দিয়ে আসেন। কিন্তু, পরক্ষণেই বুঝতে পেরে তিনি পরিবর্তন করে দেন এবং সংশ্লিষ্ট শিক্ষকদের কাছে দুঃখ প্রকাশ করেন।
এ বিষয়ে ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী বলেন, আমি মনে করি এই খাবার বণ্টন কোনো ইস্যু না। এটি তাদের মধ্যে দীর্ঘদীন ধরে চলে আসা বিরোধের বহিঃপ্রকাশ। তাদের উভয়কেই আমি এর আগে অনেকবার মৌখিকভাবে সতর্ক করেছি। গতকালের বিষয়টি আমার জন্য খুবই বিব্রতকর। আমি গতকাল দায়িত্ব নিয়ে লাল মিয়ার চিকিৎসার ব্যবস্থা করেছি। আজকে (১০ এপ্রিল) সকালে আমরা ডিন স্যারসহ শিক্ষকেরা মিটিং করেছি এবং তাদের ব্যাপারে প্রশাসনকে লিখিত জানিয়েছি। এখন প্রশাসন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
