নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ ঢাকা-বরিশাল রুটের হানিফ পরিবহনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ যাত্রীরা লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বাসের চালকের বিরুদ্ধে যাত্রীদের মারতে উদ্যত হওয়া এবং বাস খাদে ফেলে মেরে ফেলার হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে।
রবিবার (৯ এপ্রিল) রাতে হানিফ পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। লাঞ্ছনার শিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নাম আবু জাফর মিয়া। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক। অভিযুক্ত চালক ও কন্ট্রাক্টরের নাম জানা যায়নি।
এক যাত্রীর ফেসবুক পোস্ট থেকে জানা যায়, ঢাকা-বরিশাল রুটে হানিফ পরিবহনের একটি বাস সন্ধ্যা ৭টা ৩০মিনিটে সায়েদাবাদের জনপদের মোড় কাউন্টার থেকে ছাড়ার কথা। সেই বাস কাউন্টারে আসে রাত ৯টার দিকে। দেরি করে ছাড়ার পরেও একের পর এক কাউন্টারে যাত্রীর জন্য অনেক অপেক্ষা করতে থাকে। একপর্যায়ে বাসের ভিতরের যাত্রীরা অধৈর্য হয়ে কন্ট্রাক্টর ও বাসচালককে তাড়াতাড়ি যেতে বলেন। তখন কন্ট্রাক্টর ও চালক মিলে যাত্রীদের মারতে উদ্যত হয়। গাড়ি চলতি অবস্থায় নিজে নেমে গাড়ী খাদে ফেলে সব যাত্রীদের মেরে ফেলারও হুমকি দেয় ওই চালক।
এ বিষয়ে সত্যতা জানতে ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কয়েকজন বলেন, এমনিতে বাস দেরি করে এসেছে। তারপরে আবার রোজার মাস। তাদের এমন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে হত্যার হুমকিও শুনতে হয়। তাদের এমন আচারণ আমাদের ভীতি সঞ্চার করে। তারা প্রশ্ন তুলেন, তাদের এই ক্ষমতার উৎস কোথায়? এই নৈরাজ্য কি ঠেকানোর কেউ নেই?
সায়েদাবাদ হানিফ পরিবহন বাস কাউন্টারের ০১৭১৩৪০২৬৭৩ নাম্বারে ফোন করা হলে তারা ফোন ধরেনি। ০১৭১৩০৪৯৫৫৯ নাম্বারে যোগাযোগ করা হলে প্রথমে সায়েদাবাদের কথা বলে পরে অভিযোগ শুনে বলেন, এটি সিলেট কাউন্টারের নাম্বার। অভিযুক্ত ড্রাইভারের নাম্বার ও পরিচয় জানার জন্য ফোন দেওয়া হয় বরিশাল কাউন্টারে। কিন্তু, তারা বলেন ড্রাইভারের নাম্বার তাদের কাছে নেই।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
