এইমাত্র পাওয়া

তথ্য গোপন করে টিসিবির ডিলারশিপ নিলেন প্রাথমিক শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধাঃ জেলার গোবিন্দগঞ্জে তথ্য গোপন করে টিসিবির ডিলারশিপ নেওয়ার অভিযোগ উঠেছে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

অভিযুক্ত মো. সাইফুল ইসলাম উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলায় নতুন ও পুরোনো মিলিয়ে ১৯ জনকে টিসিবির ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে সহকারী শিক্ষক সাইফুল ইসলাম তথ্য গোপন করে নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে ডিলারশিপ নিয়েছেন। এরই মধ্যে তিনি একাধিকবার তাঁর প্রতিষ্ঠান মেসার্স সাদিয়া ট্রেডার্সের নামে টিসিবির বরাদ্দ উত্তোলন ও বিতরণ করেন।

এ বিষয়ে সহকারী শিক্ষক সাইফুল ইসলাম বলেন, তাঁর ডিলারশিপ বাতিল হয়েছে। এ কোটার পর আর কোনো পণ্য তিনি পাবেন না।

শিক্ষক হয়েও তাঁর ডিলারশিপ গ্রহণ করা সরকারি চাকরি নীতিমালার পরিপন্থি বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমজান আলী।

তিনি বলেন, সরকারি চাকরিজীবী কখনোই সরকারের লাভজনক অন্য সুবিধা ভোগ করতে পারেন না। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফ হোসেন বলেন, এ বিষয়ে জেলা প্রশাসকের নির্দেশে তাঁর বিরুদ্ধে প্রতিবেদন দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক অলিউর রহমান বলেন, তথ্য গোপন করার জন্য শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৪/২০২৩       

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.