এইমাত্র পাওয়া

‘শিক্ষা-আর্থিক ব্যবস্থায় অনগ্রসর দেশে বাক স্বাধীনতা চাওয়া অন্যায়’

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ শিক্ষা ও আর্থিক ব্যবস্থায় অনগ্রসর দেশে বাক স্বাধীনতা চাওয়া অন্যায় বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান।

দার্শনিক হ্যারল্ড লাস্কি উদ্ধতি দিয়ে তিনি বলেছেন, “বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা কথাটা আপেক্ষিক। কোনো দেশের সমাজ কতটা স্বাধীনতা ভোগ করবে, তা নির্ভর করবে তার সামাজিক ও অর্থনৈতিক অবস্থার ওপর। যে দেশ যতটা শিক্ষিত নাগরিক অধিকার অত্যন্ত সচেতন, অর্থনৈতিক দিক থেকে উন্নত সেখানে বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা ততটা উন্নত। শিক্ষা ও সামাজিক সচেতনতা এবং আর্থিক ব্যবস্থায় অনগ্রসর দেশে ততটা বাক স্বাধীনতা আশা করা অন্যায়।”

শনিবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে উত্থাপন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, “এই কথার মধ্য দিয়ে প্রমাণিত হয় বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা বলতে বিএনপি যা বোঝায় তা কিন্তু নয়। আমরা মনে করি, আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা, শিক্ষিতের হার, অর্থনৈতিক অগ্রগতির যে অবস্থা তার ওপর ভিত্তি করে বাক স্বাধীনতা ও সংবাদ পত্রের স্বাধীনতা দেওয়ার কথা। তা না হলে যে কথা বলেছেন হ্যারল্ড লাসকি; তা হবে- শিশুর হাতে লোহার খুন্তি তুলে দেওয়ার মতো।”

তিনি বলেন, “বিএনপি বর্তমানে বাক স্বাধীনতার কথা বলছে, গণতন্ত্রের কথা বলছে। কিন্তু ২০১৪-১৫ সালে তারা গণতন্ত্রের জিগির তুলে নির্বাচন বানচাল করার জন্য অগ্নিসন্ত্রাস করে। শত শত মানুষকে হত্যা করে, পুড়িয়ে-কুপিয়ে মারে। তারা এভাবে শ্রমজীবী, সাধারণ মানুষতে হত্যা করে ক্ষমতায় যেতে চেয়েছিলেন। কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিজয় লাভ করে বাড়ি ফেরার যে ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশের মানুষ তা হতে দেয়নি, বিজয় তো দূরের কথা, মাথা নিচু করে তাকে বাড়ি ফিরতে বাধ্য করে।”

বিএনপি-জামায়াতসহ সরকার বিরোধী আন্দোলনকারীদের নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান শাজাহান খান।  তিনি বলেন, “শক্তিশালী নির্বাচন কমিশন আছে। তার অধীনে নির্বাচন হবে। রাষ্ট্র চলবে শেখ হাসিনার নেতৃত্বে।”

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৪/২০২৩       

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.