এইমাত্র পাওয়া

ঈদের পরেই শুরু হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জঃ দেশের সপ্তম কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে ঈদের পর।

জানা যায়, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেতের নিয়োগপ্রাপ্তির দুই বছর পূর্ণ হয়েছে গত ২২ মার্চ। ২০২১ সালের ২২ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে অধ্যাপক ড. মো. আবদুল বাসেতকে উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ এলাকায় দুটি ভাড়া করা ভবনে অস্থায়ী ক্যাম্পাসের যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। এরইমধ্যে ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড এনিমেল সায়িন্স, কৃষি ও মাৎস্যবিজ্ঞান এই ৩টি অনুষদের অধীনে ৯০টি আসনে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়টি এবছরই প্রথম কৃষি গুচ্ছে অংশ নেয়ার সুযোগ পায়। শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শেষ হলেও শিক্ষক ও প্রশাসনিক লোকবল নিয়োগ চূড়ান্ত না হওয়ায় শিক্ষা কার্যক্রম শুরু হতে দেরি হচ্ছে। এছাড়াও দ্রুত ক্লাস শুরু করতে এবছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিয়োগপ্রাপ্তির দুই বছর পূর্তিতে উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত জানান, আগামী ঈদের বন্ধের পর দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু করব আমরা। মন্ত্রী মহোদয়রা যাবেন বিশ্ববিদ্যালয়ে। স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জায়গা নির্ধারণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব যাচাই বাছায়ের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়া ছাত্রছাত্রীদের জন্য অস্থায়ী আবাসিক হলের অনুমোদন চেয়ে আবেদন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশের হাওর অঞ্চল খ্যাত বৃহত্তর সিলেটের হবিগঞ্জ জেলায় দেশের সপ্তম কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইনগত অনুমোদন হয় ২০২০ সালের ১০ সেপ্টেম্বর। ২০১৪ সালের ২৯ নভেম্বর হবিগঞ্জ নিউফিল্ডে বিশাল জনসভায় জেলাবাসীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট চারটি বড় দাবি উপস্থাপন করেছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। উপস্থাপিত চারটি দাবির মধ্যে অন্যতম ছিল হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৪/২০২৩      

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.