এইমাত্র পাওয়া

পরিবারে সাত সদস্যের পাঁচজনই দৃষ্টিপ্রতিবন্ধী

শিক্ষাবার্তা ডেস্কঃ কুড়িগ্রামে একই পরিবারে সাত সদস্যের পাঁচজনই দৃষ্টিপ্রতিবন্ধী। উপার্জনের কোনো পথ না থাকায় অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। প্রতিবন্ধী ভাতা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় কোনোরকমে চলছে তাদের অভাবের সংসার।

প্রতিবন্ধী ব্যক্তি কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের চর সুভারকুটি গ্রামের মোক্তারের হাট এলাকার সহিদার রহমান (৬৫)। তিনি জন্মগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধী। তার স্ত্রী আছমা বেগমও বিয়ের পরেই টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে দৃষ্টি হারান। তাদের ৫ সন্তানের মধ্যে শফিকা খাতুন (১৮), শরিফা খাতুন (১৬) ও মাছুম বিল্লাহ (২০) জন্মগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধী। শহিদার রহমানের ৩ ছেলে-মেয়ে দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ার শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না।

সহিদার স্থানীয় এক মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করলেও অসুস্থতার কারণে সে চাকরিটিও হারিয়েছেন।

দৃষ্টিপ্রতিবন্ধী সহিদার রহমান (৬৫) বলেন, আমার পরিবারের কি অবস্থা আপনারা ভালো জানেন। আগে একটি মসজিদে মুয়াজ্জিন ছিলাম। এখন অসুস্থতার কারণে তা-ও করতে পারছি না। প্রতিবন্ধী ভাতা ও মানুষের সাহায্যে কোনোরকমে চলছি। আমার পরিবারকে সরকারের পাশাপাশি কেউ যদি একটা স্থানীয় আয়ের ব্যবস্থা করে দিত, তাহলে মনে হয় একটু ভালো চলতে পারতাম। না হলে তো এভাবে কষ্ট করতে করতে জীবনটা শেষ হবে।

সহিদারের মেয়ে সাইয়েদা সিদ্দিকা বলেন, আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি। পরিবারে অভাব থাকার কারণে ঠিকমতো পড়াশোনা চালিয়ে যেতে পারছি না। তার পরেও কষ্ট করে পড়াশোনা করছি। সহিদারের আরেক মেয়ের নাম সাবেরা সিদ্দিকার বিয়ে হয়েছে। তিনি অন্যত্র থাকেন। তার পক্ষে বাবার সংসারে সাহায্য করা সম্ভব হয়ে ওঠে না।

হলোখানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রেজাউল করিম রেজা বলেন, প্রতিবন্ধী ভাতা পরিবারটির একমাত্র আয়ের উৎস। কিছুদিন আগে ইউএনও স্যার সরেজমিন পরিদর্শন করে গেছেন। সেই সাথে তাদের একটি গরু প্রদান করেছেন। আমরাও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা অব্যাহত রেখেছি।

কুড়িগ্রাম সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, সহিদার রহমানের পরিবারে স্বামী-স্ত্রী ছেলে-মেয়েসহ পাঁচজনই দৃষ্টিপ্রতিবন্ধী। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আমরা পাঁচজনকেই সুবর্ণ কার্ড করে দিয়েছি। সরকারের দেওয়া প্রতিবন্ধী ভাতায় পরিবারটি চলছে। তার পরও আমরা আমাদের বিভাগ থেকে সব সময়ই সহযোগিতা অব্যাহত রেখেছি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৪/২০২৩      

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.