শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ গলাকাটা টিউশন ফি আদায় করে ফেঁসে যাচ্ছে রাজধানীর নামিদামি সাতটি স্কুল। এসব প্রতিষ্ঠানের প্রথম ধাপে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। পরে এমপিও বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো- মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, চেতনা মডেল একাডেমি, শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ, সামসুল হক খান উচ্চ বিদ্যালয়, শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ ও বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজ। এছাড়া হোপ ইন্টারন্যাশনাল স্কুল নামে আরেকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভর্তি নীতিমালার তোয়াক্কা না করে অতিরিক্ত টিউশন ফি আদায়ের অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) চিঠি দিয়েছে।
গত ২ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি মাউশির মহাপরিচালক বরাবর পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, গত বছরের ৮ ডিসেম্বর বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২২ জারি করা হয়েছে। নীতিমালার ১০ নং ক্রমিকে আবেদন, ভর্তি ও অন্যান্য ফি (বেতন, টিউশন ফি, সেশন চার্জ) ইত্যাদি নির্ধারণ করে দেওয়া হয়েছে। ভর্তি নীতিমালার ১১ নম্বর ক্রমিকে ভর্তি ফি বাবদ সরকার কর্তৃক নির্ধারিত অর্থের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না, করলে সরকার এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে উল্লেখ আছে।
এমতাবস্থায়, শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২২ এ নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করায় সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে মাউশিকে নির্দেশ দেওয়া হলো।
ভর্তি নীতিমালা উপেক্ষা করে উল্লেখিত সাতটি প্রতিষ্ঠান ছাড়াও রাজধানীসহ সারা দেশের অসংখ্য প্রতিষ্ঠান অতিরিক্ত ফি আদায় করে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মাউশি ও মন্ত্রণালয়ে অভিযোগের স্তূপ জমে ওঠে। এছাড়া অভিভাবকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এই অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় সারা দেশে মোট ৭৯টি কমিটি গঠন করেছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
