নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক জেনোসাইড সেন্টারের পরিচালক ইমতিয়াজ আহমেদের বিচার দাবি করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। তার লেখা ‘হিস্টোরাইজিং ১৯৭১ জেনোসাইড : স্টেট ভার্সেস পারসন’ (২০০৯) বইয়ে বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও গণহত্যা নিয়ে অসত্য, বিকৃত ও উদ্ভট তথ্য উপস্থাপনের অভিযোগ তুলেছে ছাত্রলীগ। তার বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (০৬ এপ্রিল) বিকেলে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে এ বিষয়ে স্মারকলিপি প্রদান করে সংগঠনের নেতাকর্মীরা। স্মারকলিপিতে অধ্যাপক ইমতিয়াজ আহমেদের বিরুদ্ধে তদন্ত করে ১৫ দিনের মধ্যে তা প্রকাশের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যথাযথ আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ছাত্রলীগ।
স্মারকলিপিতে বলা হয়, ড. ইমতিয়াজ জাতির পিতার দীর্ঘ সংগ্রাম, ৭ই মার্চের ভাষণ, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের দ্বারা সংঘটিত একাত্তরের গণহত্যা ইত্যাদি নিয়ে বেশ কিছু মিথ্যা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত জাতীয় ইতিহাসের বিকৃতি ঘটানো মন্তব্য করেছেন যা একেবারেই ক্ষমার অযোগ্য অপরাধ। যেমন, একাত্তরের ৭ই মার্চের ঐতিহাসিক বক্তৃতার সমাপ্তিতে বঙ্গবন্ধু ‘জয় বাংলা’র সাথে জয় পাকিস্তান বলেছেন বলে দাবি করেছেন ড. ইমতিয়াজ। এ ছাড়াও তখনকার পূর্ব ও পশ্চিম পাকিস্তানের অধিবাসীদের মধ্যে বিয়ে হতো, দুই অংশের মধ্যে সাংস্কৃতিক অনেক মিল ছিল, উর্দুর সঙ্গে বাংলাও পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা ছিল, দুই অংশের অধিবাসীদের মধ্যে নৃতাত্ত্বিকও অনেক মিল ছিল এধরনের উদ্ভট দাবিও তিনি তার বইয়ে করেছেন; কখনো নিজের বরাতে, কখনো অন্যের মুখে শুনেছেন দাবি করে লিখেছেন।
ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে জড়িয়ে ড. ইমতিয়াজের বইয়ে যে উদ্ভট অসত্য মিথ্যা তথ্য আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ইতিমধ্যেই এ নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে। আমরা ছাত্রলীগের পক্ষ থেকে দাবি জানিয়েছি যাতে তদন্ত করে এর ব্যবস্থা নেওয়া হয় এবং এ ধরনের শিক্ষক যাতে কোনো ধরনের প্রশাসনিক কাজে না থাকতে পারে সে বিষয়টি যেন নিশ্চিত করা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
