নিজস্ব প্রতিবেদক, পাবনাঃ জেলার ভাঙ্গুড়া উপজেলার চড়-ভাঙ্গুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থিত ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারটি অযত্ন-অবহেলায় ভেঙে পরেছে একটি স্মৃতিস্তম্ভ।
এতে করে ভাষা শহীদদের অসম্মান করা হচ্ছে বলে মনে করছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। শহীদ মিনারের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ ও দ্রুত রক্ষণাবেক্ষণসহ সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
তবে বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এটি আর সংস্কার করা সম্ভব নয়। নতুন আরেকটি শহীদ মিনার স্থাপন করা হবে।
সরেজমিনে দেখা গেছে, ওই বিদ্যালয় খেলার মাঠের দক্ষিণ পাশে অবস্থিত শহীদ মিনারটি। পশ্চিম পাশেই রয়েছে আরেকটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। শহীদ মিনারের পিছনেই রয়েছে এই বিদ্যালয়টির ব্যবহৃত টয়লেট। শহীদ মিনারের সামনে শুকানো হচ্ছে গোবরের তৈরি ঘুঁটে।
জানা গেছে, চড়-ভাঙ্গুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গত ২০১৪ সালে নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের খেলার মাঠে শহীদ মিনারটি নির্মাণ করেন। সেখানে স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়রা শ্রদ্ধা নিবেদন করে থাকেন। তবে গত দুই বছর ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে শহীদ মিনারের একটি স্তম্ভ ভেঙে পড়ে। আর মেরামতও হয়নি। এগিয়ে আসেনি কেউ।
স্থানীয়দের অভিযোগ, বছরে একবার শহীদ মিনারটি পরিষ্কার করে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু দীর্ঘদিন ধরে শহীদ মিনারটি ভেঙে পড়ে রয়েছে। অথচ স্কুল কর্তৃপক্ষের কোন মাথা ব্যথা নাই।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব বাকি বিল্লাহ বলেন, শহীদ মিনার পরিচ্ছন্ন রাখা প্রত্যেক নাগরিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। এ ব্যাপারে আমাদের আরও সচেতন হতে হবে।
ভেঙে পড়া শহীদ মিনারের বিষয়ে জানতে চাইলে চড়-ভাঙ্গুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম লেবু বলেন, এটি আর সংস্কার করা সম্ভব নয়। তাই অচিরেই আরেকটি শহীদ মিনার নির্মাণ করা হবে। শহীদ মিনারের পাশে টয়লেটের বিষয়ে জানতে চাইলে চড়-ভাঙ্গুড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, জায়গা স্বল্পতার কারণে শহীদ মিনারটি ওইখানে দেওয়া হয়েছিল। তবে শহীদ মিনারটি অন্যস্থানে দেওয়ার জন্য কমিটির সাথে আলাপ আলোচনা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, এ শহীদ মিনার সম্পর্কে তিনি অবগত নন। তবে বিষয়টি নিয়ে তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলবেন বলে জানান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
