নিজস্ব প্রতিবেদক, ফরিদপুরঃ জেলার বোয়ালমারী উপজেলায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী (১৩) অপহরণের তিনদিন পর ওই ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চতুল ইউনিয়ন পরিষদ এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রহমান।
অপহরণের ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে ৬ জনের নামে থানায় মামলা করেছেন। উদ্ধারের পর স্কুল ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ওই ছাত্রী স্কুলের আসা যাওয়ার পথে সোতাসী গ্রামের শাহিন শেখ (১৯) নামে এক যুবক তাকে প্রেমের প্রস্তাবসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। ওই ছাত্রী শাহিন শেখের কথা তার মা’কে জানালে তারা শাহিন শেখের অভিভাবকের কাছে নালিশ করেন। গত মঙ্গলবার (২৮ মার্চ) ভোর ৫টা ৩০ মিনিটের দিকে ওই ছাত্রীর বাড়ি সোতাসী গ্রাম এলাকা থেকে একই গ্রামের শিক্ষক আশরাফুলের নিকট প্রাইভেট পড়তে বের হয়ে বাড়ির সামনে পাকা রাস্তায় পৌঁছালে শাহিন শেখ ও সবুর শেখ ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে মুখ চেপে ধরে একটি মোটরসাকেলে উঠিয়ে মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়ক ধরে চলে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আব্দুর রহমান বলেন, স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় তার বাবা ৬ জনের নাম উল্লেখ করে থানায় অপহরণ মামলা করেছেন।
তিনি বলেন, ছাত্রীকে চতুল ইউনিয়ন পরিষদ এলাকা থেকে শনিবার (১ এপ্রিল) সকালে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, বিষয়টি প্রাথমিকভাবে মনে হয়েছে প্রেমঘটিত। তবে, উদ্ধারের পর মেয়ে দাবি করছেন তাকে অপরহরণ করা হয়েছে। তাই, মামলা দায়ের শেষে ওই স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
