এইমাত্র পাওয়া

চতুর্থ গণবিজ্ঞপ্তি: মূল কাজ শেষ, অপেক্ষা সুরক্ষা সেবা বিভাগের

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ চলতি সপ্তাহে শুরু করা হতে পারে। যদিও এই প্রক্রিয়া গত সপ্তাহে শুরুর কথা জানিয়েছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

জানা গেছে, ৩২ হাজার ৪৬৮ জন প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন করা হবে। এই প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হবে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ একটি তৈরি করেছেন। গত সপ্তাহে সার্ভারে প্রার্থীদের তথ্য এন্ট্রির কাজ শেষ হয়েছে। তবে কিছু কাজ বাকি থাকায় এখনও ভি-রোল ফরম পূরণের লিংক হস্তান্তর করেনি সুরক্ষা সেবা বিভাগ।

এনটিআরসিএ’র একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ শুরুর সকল প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। অল্প কিছু কাজ বাকি রয়েছে। তবে সেটি তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। মূল কাজগুলো শেষ হয়েছে। এখন সুরক্ষা সেবা বিভাগ তাদের লিংক হস্তান্তর করলে সেটি ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ’র সচিব মো. ওবায়দুর রহমান বলেন, অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ শুরুর কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করছি চলতি সপ্তাহে আমরা এই প্রক্রিয়া শুরু করতে পারবো।

জানা গেছে, ২০২২ সালের ২২ ডিসেম্বর ৬৮ হাজার ৩৯০ জন শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ৫০৮ জন এবং মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি স্কুল-কলেজে ৩৬ হাজার ৮৮২ জন নিয়োগ দেওয়ার কথা জানানো। গত ২৯ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়ে চলতি বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত চলে। এক লাখের বেশি চাকরি প্রার্থী শিক্ষক হওয়ার আবেদন করেন।

আবেদনকৃতদের তথ্য যাচাই-বাছাই শেষে গতকাল রোববার ৩২ হাজার ৪৩৮ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে। প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশনের পর নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৪/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.