এইমাত্র পাওয়া

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে প্রথম পাবলিক পরীক্ষা

প্রতিষ্ঠার দুই বছরের মধ্যে প্রথমবারের মতো পাবলিক পরীক্ষা গ্রহণ করতে যাচ্ছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) মধ্য দিয়ে পরিপূর্ণ যাত্রা শুরু হচ্ছে দেশের ১১তম শিক্ষা বোর্ড- ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ময়মনসিংহ’র। ১২৫টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৬৩ হাজার ৬৫৩ শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, প্রতিষ্ঠার দুই বছরের মধ্যে একটি শিক্ষা বোর্ডের অধীনে পাবলিক পরীক্ষার আয়োজন কষ্টসাধ্য ব্যাপার। এ সক্ষমতা অর্জন করায় ময়মনসিংহ বোর্ড কর্তৃপক্ষ প্রশংসার দাবিদার।

এ বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হবে ২ নভেম্বর। শেষ হবে ১১ নভেম্বর। পরীক্ষার প্রস্তুতি নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি আজ সকালে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করবেন।

নতুন শিক্ষা বোর্ডের অধীনে প্রথম পরীক্ষা গ্রহণ সম্পর্কে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, নতুন এ বোর্ডের সব পরীক্ষা যাতে ভালোভাবে সম্পন্ন হয়, সে জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ময়মনসিংহ অঞ্চলের সভাপতি এবং বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার বলেন, নতুন শিক্ষা বোর্ডের অধীনে প্রথম জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণে অঙ্গীকারবদ্ধ।

ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি আনিসুর রহমান খান জানান, এ শিক্ষা বোর্ডের জন্য এ অঞ্চলের মানুষ দীর্ঘদিনের দাবি ছিল। নতুন বোর্ডের অধীনে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ময়মনসিংহ বিভাগবাসীও আনন্দিত। ২০১৭ সালের ২৮ আগস্ট ময়মনসিংহ

শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন জারি হয়। কার্যক্রম শুরু হয় ওই বছরের ৩১ ডিসেম্বর বোর্ডের চেয়ারম্যান নিয়োগের পর। সাধারণ শিক্ষা বোর্ড হিসেবে এটি নবম। ভাড়া বাড়িতে চলছে এর কার্যক্রম। প্রস্তাবিত ১৭৫ জনবলের বিপরীতে মাত্র ২৯ জন (১৪ জন প্রেষণে, ১২ জন অস্থায়ী এবং ৩ জন আউটসোর্সিং) দিয়ে কার্যক্রম চলছে। এ বোর্ডের অধীনে রয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর জেলার নিন্ম মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.