এইমাত্র পাওয়া

গণিত নিয়ে কিসের ভয়!

গণিত বা ম্যাথমেটিক্স খুবই মজার একটি বিষয়। নানা ধরনের মজার বিষয় রয়েছে গণিতকে নিয়ে। কেউ গণিতে প্রচণ্ড ভয় পান, আবার কেউ সারাদিন গণিতেই বুঁদ হয়ে থাকতে পছন্দ করেন। অনেক বিজ্ঞানী বলেন যে, পুরো পৃথিবীটাই একটি মস্ত বড় গণিত। আর এই গণিত উৎসবকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর ক্যাম্পাস জমজমাট হয়ে উঠেছিল। সারাদেশ থেকে ২৫০টিরও বেশি স্কুল-কলেজ থেকে ৫ হাজার উৎসুক শিক্ষার্থীর সমাগম হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালর স্কুল অ্যান্ড কলেজ মাঠে। কেউ রেজিস্ট্রেশন করেছে ক্যাম্পাসে এসে, কেউবা অনলাইনে। ‘ভাবনা যদি গণিত হয়, গণিত নিয়ে কিসের ভয়’- স্লোগান সামনে রেখে সবাই এসেছে গণিতের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ষষ্ঠবারের মতো আয়োজন করে তিন দিনব্যাপী এই গণিত অলিম্পিয়াড। ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন চলে নানা অনুষ্ঠান।

প্রথম দিন দুই শিফটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। ১৯ অক্টোবর রাতে খুদে সায়েন্টিস্টদের জন্য বিশেষ আকর্ষণ, টেলিস্কোপ দিয়ে আকাশ দেখা এবং সায়েন্টিফিক মুভি শো।

পুরস্কার বিতরণীতেও প্রতিযোগীদের এক বিশাল অংশকে পুরস্কৃত করা হয়। প্রতিটি শ্রেণি থেকে ১০ জন; সর্বমোট ৭০ জনকে দেওয়া হয় ক্রেস্ট, সার্টিফিকেট, বই, কলম, ক্লাবের ম্যাগাজিন, রকমারি ডটকমের ডিসকাউন্ট কার্ড ও টি-শার্ট।

সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ছাড়াও দুই গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। গুণীজন সম্মাননায় পরিবেশ বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ ও পাটের জিনোম আবিস্কারের জন্য মাকছুদুল আলমকে (মরণোত্তর) গুণীজন সম্মাননা প্রদান করা হয়। ক্লাবটির সাংগঠনিক সম্পাদক এবং এবারের অলিম্পিয়াডের কনভেনার তারেক আজিজ শ্রাবণ জানান, ক্লাবটির প্রতিষ্ঠা ২০০৫ সালের ১৭ আগস্ট থেকে। গণিত অলিম্পিয়াডের শুরু ২০১৪ সাল থেকে। প্রথম বছর মাত্র ২০টি স্কুলের ৭০০ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হলেও ষষ্ঠ বছরই প্রতিযোগীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫০০০ জন।

তিনি বলেন, সংগঠনটি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে নিবন্ধিত। গণিত অলিম্পিয়াড ছাড়াও ক্লাবটি আরও নানা ধরনের প্রোগ্রাম করে থাকে। এর মধ্যে রয়েছে বিজ্ঞান মেলা, বিজ্ঞান বই মেলা, সায়েন্টিফিক ওয়ার্কশপ, রিসার্চ শেখানো, বেসিক আইটি ওয়ার্কশপ, শীতবস্ত্র বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.