নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পবিত্র রমজান মাসের ১৫ রমজান পর্যন্ত ৯ কার্য দিবস সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। এ সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ক্লাস চলবে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।
সভায় বলা হয়, এ সময় মহানগর, ডাবল শিফট ও সিঙ্গেল শিফট সকল স্কুলের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এদিকে, রমজানে মাধ্যমিকে স্কুল বন্ধ আর প্রাথমিকের ক্লাসের বিষয়ে আগ থেকেই অসন্তোষ ছিলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার লাখ শিক্ষকের মধ্যে। তারা জানিয়েছেন, এতে যেসব অভিভাবকের সন্তান প্রাথমিক ও মাধ্যমিক দুই স্কুলেই পড়ে তাদের সমস্যা হবে।
জানা গেছে, করোনার কারণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি হয়েছে। এই ঘাটতি কাটিয়ে উঠতে ১৫ রোজা পর্যন্ত রমজান ও ঈদুল ফিতরের ছুটি আগেই নির্ধারণ করে শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়।
জানা গেছে, বার্ষিক ছুটির তালিকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রমজানের শুরু থেকেই ছুটি ঘোষণার কথা থাকলেও প্রাথমিক স্তরের ছুটির তালিকায় ১৫ রমজান পর্যন্ত খোলা থাকার সিদ্ধান্ত রয়েছে। রমজানের ছুটির ক্ষেত্রে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে দুই ধরনের সিদ্ধান্ত থাকায় গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রাথমিকের ছুটি বাড়ানোর দাবি উঠছে। প্রাথমিক স্তরের শিক্ষকদের একাধিক সংগঠনও সরকারের কাছে এ বিষয়ে লিখিত আবেদন করেছে।
বিষয়টি নিয়ে বুধবার রাজধানীর প্রাথমিক শিক্ষা অধিদফতরে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকেও আলোচনা হয়। জানা গেছে, মাধ্যমিক স্তরের ছুটি এবং রমজানে যানজটের আশঙ্কার কথা উল্লেখ করে রোজার শুরু থেকেই প্রাথমিক স্তরে ছুটি ঘোষণার দাবি করেন কমিটির এক সদস্য। পরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে রমজানে স্কুল খোলা রাখার কারণ ব্যাখ্যা দেওয়া হয়।
এতে বলা হয়, গত দুই বছরে করোনার কারণে বেশ শিখন ঘাটতি হয়েছে। এসব শিখন ঘাটতি পূরণ করার জন্যই তারা রোজার সময় দুই সপ্তাহ (৯ কার্যদিবস) স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। পরে কমিটির সভাপতিসহ অন্য সদস্যরাও মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন।
এদিকে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের পাঠ্যক্রমে যে ঘাটতি হয়েছে তা শনাক্ত করে পূরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
