নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামঃ জেলার ভুরুঙ্গামারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের চারজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার (এটিইও) পদ শূন্য থাকায় অফিসটির কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষককে দায়িত্ব দেয়া হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত অফিস আদেশে এ দায়িত্ব দেয়া হয়।
অফিস আদেশ সূত্রে জানা গেছে, ভুরুঙ্গামারীর উপজেলা শিক্ষা অফিসের চারজন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার পদ শূন্য থাকায় শিক্ষা অফিসের সামগ্রিক কার্যাবলী সম্পাদনের জন্য পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমানকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা মোতাবেক উপজেলা শিক্ষা অফিসে ডেপুটেশন দেয়া হয়েছে।
উপজেলার ১১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় চারটি ক্লাস্টারে বিভক্ত। চারজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এসব ক্লাস্টারের দায়িত্ব পালন করতেন। বর্তমানে চারজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ শূন্য হওয়ায় এসব ক্লাস্টারে দায়িত্ব পালন করার কেউ নেই। এ ছাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিইও) অসুস্থ থাকার কারণে অধিকাংশ সময় কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকেন।
পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান বলেন, উপজেলা শিক্ষা অফিসের দায়িত্ব পালন করতে গিয়ে আমার বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে। তিনি আরো বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা অসুস্থ, তিনি ছুটিতে রয়েছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জ্যোতির্ময় চন্দ্র সরকারকে অফিসে পাওয়া না যাওয়ায় তার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা বলেন, প্রধান শিক্ষককে বিভিন্ন অনুষ্ঠান ও মিটিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে। তবে এটা সাময়িক।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
