নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৬৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও ৩২ হাজার ৪৩৮ জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হয়েছে। ৩৫ হাজারের বেশি শিক্ষক পদ খালিই আছে। বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা করছেন নিয়োগ সুপারিশ না পাওয়া প্রার্থীরা। যদিও এনটিআরসিএর কর্মকর্তারা বলছেন, ওইসব পদের জন্য যোগ্য প্রার্থী না পাওয়া পদগুলো খালিই থেকে গেছে। প্রার্থীদের নিয়োগ সুপারিশ করা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার এনটিআরসিএর সচিব মো. ওবায়দুর রহমান বলেন, যে পদগুলো খালি আছে ওইসব পদে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। তিনি বলেন, কিছু কিছু বিষয়ে আমাদের যতো পদ শূন্য আছে ততো প্রার্থী নেই। চারু ও কারুকলায় আড়াই হাজার পদ থাকলেও প্রার্থী রয়েছেন হাতে গোনা কয়েকজন। এরকম আরো বেশ কয়েকটি বিষয় আছে। এ ধরনের পদে প্রার্থী পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, এছাড়া কিছু পদ ছিলো মহিলা কোটার। ওই পদে আমরা পুরুষ প্রার্থীদের আবেদন পেলেও তারা সিলেক্টেড হননি। মহিলা কোটার পদে পুরুষ প্রার্থীদের সুপারিশের সুযোগ নেই। নারী প্রার্থীরাও ওইসব পদে আবেদন করতে পারেননি। তাই এ ধরনের কিছু পদও খালি আছে।
জানা গেছে, বিধান অনুযায়ী কোনো শিক্ষক পদে সুপারিশ পাওয়া প্রার্থী যোগদান না করলে সেই পদে আবেদন করা মেধাতালিকার ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে থাকা প্রার্থীদের সুপারিশ করা হয়। এর আগে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে শূন্য থাকা পদগুলোতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো।
এবার এমন কোনো পরিকল্পনা আছে কি-না জানতে চাইলে এনটিআরসিএর সচিব মো. ওবায়দুর রহমান বলেন, এখনো পর্যন্ত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেই। যে পদগুলো খালি আছে সেগুলো বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমেও পূরণ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
