গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণ: নিহত বেড়ে ১৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ঃ রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে একটি পাঁচ তলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তবে নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

ঢাকা মেডিক্যালের সামনে থেকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিছুক্ষণ পর পর ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে মৃতদেহ আনা হচ্ছে। সর্বশেষ সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে একটি মৃতদেহ আনা হয় ঢামেকের জরুরি বিভাগে।

এদিকে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে এখন পর্যন্ত শতাধিক আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণের খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্ফোরণে আশপাশের ভবনের কাচের গ্লাস ভেঙে চুরমার হয়ে গেছে। এতে পথচারীও রক্তাক্ত হয়েছেন। এদিকে এ ঘটনায় গুলিস্তান ও আশপাশ এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.