নিজস্ব প্রতিবেদক চবিঃ শিক্ষকদের প্রগতিশীল অংশের বিভক্তির ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের নির্বাচনে চার ক্যাটাগরির মধ্যে তিনটিতেই উপাচার্যের পছন্দের প্রার্থীরা জয়ী হয়েছেন। গতকাল সোমবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ক্যাটাগরি বিএনপি-জামায়াতপন্থি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের (সাদা দল) প্রধান ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান জয়ী হয়েছেন। প্রফেসরদের মধ্যে সাদা দলের চেয়ে প্রগতিশীল হলুদ দলের শিক্ষকের সংখ্যা বেশি থাকলেও উপাচার্যের অনুকম্পা পান শামীম উদ্দিন। আর তাতেই তার জয় সহজ হয়। শামীম উদ্দিনের প্রতিদ্বন্দ্বী প্রফেসর আবদুল্লাহ মামুন প্রগতিশীল স্টিয়ারিং কমিটির সদস্য বলে পরিচিতি পান। সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে বাম ও আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠনের (হলুদ দলের) উপাচার্যপন্থি শিক্ষক অর্থনীতি বিভাগের ড. নঈম উদ্দিন হাসান আওরঙ্গজেব জয়ী হন।
সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে হলুদ দলের স্টিয়ারিং কমিটি মনোনীত বাংলা বিভাগের মোহাম্মদ আলী জয় পেয়েছেন। প্রভাষক ক্যাটাগরি জিতেছেন উপাচার্যপন্থি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ মোহাম্মদ হোসাইন।
নির্বাচিত সব শিক্ষক আমাদের সময়কে জানান, তারা শিক্ষার্থীবান্ধব হয়ে কাজ করবেন। সব আইন মেনে সিদ্ধান্ত নেবেন।
চবিতে কাগজ-কলমে শিক্ষকদের রাজনৈতিক গ্রুপ আছে দুটি। একটি বাম ও আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন হলুদ দল, অন্যটি বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সাদা দল। হলুদ দলের নেতাদের সঙ্গে উপাচার্যের মনোমালিন্য, প্রশাসনের বিরুদ্ধে নানা আর্থিক কেলেঙ্কারি, সিন্ডিকেট আইন না মানা কেন্দ্র করে এ সংগঠনের শিক্ষকরা দুই ভাগে ভাগ হয়ে গেছেন। একটি উপাচার্যপন্থি, অন্যটি হলুদ দলের স্টিয়ারিং কমিটি বলে পরিচিতি পেয়েছেন।
চবি শিক্ষক সমিতি নির্বাচন ও ডিন নির্বাচনে উপাচার্যবিরোধী হলুদ দলের স্টিয়ারিং কমিটি সমর্থিত শিক্ষকদের জয় হয়। তবে গতকালের সিন্ডিকেট নির্বাচন কৌশলে উপাচার্য হস্তক্ষেপ করেন বলে জানান শিক্ষকদের একটি মহল।
তাদের বক্তব্য, ক্ষমতাশালী শিক্ষকরা উপাচার্যের পক্ষ থেকে সরে যাওয়ায় তিনি সাদা দলের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করছেন। উপাচার্য সমর্থিত শিক্ষকদের ভোট ছাড়া হলুদ দলের প্রভাবশালী শিক্ষককে হারিয়ে সাদা দলের শিক্ষক নির্বাচনে জয়ী হতে পারেন না। কিন্তু গতকালের সিন্ডিকেট নির্বাচনে অধ্যাপক ক্যাটাগরিতে সাদা দলের প্রধান প্রফেসর ড. শামীম উদ্দিনের জয়ের পর তা আরও স্পষ্ট হয়ে ওঠে। সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে সাদা দলের শিক্ষকরা ভোট দেন হলুদ দলের উপাচার্যপন্থি শিক্ষক ড. মঈন উদ্দিন হাসান আওরঙ্গজেবকে। একই সঙ্গে সিন্ডিকেটের প্রভাষক পদ হাতে রাখতে প্রভাষকদের চাপ দিয়েছেন উপাচার্যপন্থিরা।
সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৩টায় এ ফল ঘোষণা করেন চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এবং রিটার্নিং অফিসার কেএম নূর আহমদ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
