পরীক্ষা না পেছানোয় ক্ষোভ, একাডেমিক ভবনে তালা গবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক।।

পরীক্ষা পেছানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা। প্রথমদিনের দেওয়া স্মারকলিপি গ্রহণ না করায় ইতিমধ্যে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন তারা।

সোমবার (৭মার্চ) সকালে বিভিন্ন স্থান থেকে জড়ো হতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা তালা ঝুলিয়ে অবরোধ করে রাখেন একাডেমিক ভবন। এ সময় শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবিতে স্লোগান দেন। দাবি না মানলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, ছয় মাসের পরীক্ষা পাঁচ মাসেই শেষ করতে চায় প্রশাসন। খেলাধুলা, বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম ও বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির কারণে এ পাঁচ মাসে সিলেবাসও পুরোপুরি সম্পন্ন হয়নি। অনেকেরই প্রস্তুতির ঘাটতি রয়েছে। এরইমধ্যে সামনে রমজান। রোজা রেখে পরীক্ষা দেওয়া কষ্টসাধ্য।

গত ৫ মার্চ সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরুর বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে ২৯ মার্চ পরীক্ষার তারিখ নির্ধারণ করলে বাঁধে বিপত্তি। এরই পরিপ্রেক্ষিতে স্মারকলিপি দেওয়াসহ আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এতে এক সপ্তাহে পরীক্ষা পেছায় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। এ সিদ্ধান্তও মানতে নারাজ শিক্ষার্থীরা। তারা রমজানে নয় একেবারে ঈদের পর পরীক্ষা দিতে চান।

উল্লেখ্য, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী চলতি সেমিস্টারের পাঠদান শুরু হয় গত ২৭ নভেম্বর। ফলাফলসহ শেষ হবে ১ এপ্রিল। এটি ছয় মাসের সেমিস্টারের তুলনায় অপ্রতুল বলে দাবি করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.