এইমাত্র পাওয়া

হঠাৎ অসুস্থ ৩০ ছাত্রী, বিদ্যালয়ে ৩ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক, নরসিংদীঃ জেলার মনোহরদী উপজেলার চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে তিন দিনের ব্যবধানে আবারও ৩০ ছাত্রী শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়েছে।

রবিবার (৫ মার্চ) দুপুর ১২টার পর অ্যাসেম্বলি ও জাতীয় সঙ্গীত পাঠ শেষে শ্রেণিকক্ষে প্রবেশ করেই একে একে অসুস্থ হয়ে পড়ে ছাত্রীরা। এ ঘটনায় বিদ্যালয়টি তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এর আগে বৃহস্পতিবার (২ মার্চ) বিদ্যালয়টির আরও ৯ ছাত্রী অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা হোসেন বলেন, ‌‘সকালে জাতীয় সঙ্গীত পাঠ শেষে শ্রেণিকক্ষে প্রবেশ করেই একে একে নবম শ্রেণির ছাত্রী জোনাকি ও তামান্না, অষ্টম শ্রেণির জ্যোতি, সপ্তম শ্রেণির উর্মি এবং মাইশা আক্তার অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যায়। তাদের দেখাদেখি আরও ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে শিক্ষক ও সহপাঠীরা তাদের প্রাথমিক সেবা দেয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হন এবং পাঁচ জন অসুস্থ ছাত্রীকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। অন্য ছাত্রীদের কাউন্সেলিং করে বাড়িতে পাঠানো হয়।’

মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ বলেন, ‘খবর পেয়ে পাঁচ জন চিকিৎসক ও নার্সসহ বিদ্যালয়ে উপস্থিত ছাত্রীদের চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে ছয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ম্যাস হিস্টোরিয়া নামে একটি রোগ রয়েছে, মানসিক ও আবহাওয়া পরিবর্তনের কারণে এ ধরনের রোগ হতে পারে।’

এ ধরনের রোগ হলে বিশেষ করে ছাত্রীরা হঠাৎ করে মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বলেন, ‘ছাত্রীদের শারীরিক দুর্বলতা এবং পুষ্টিহীনতার কারণে অসুস্থ হয়ে থাকতে পারে। বর্তমানে ছাত্রীদের অবস্থার উন্নতি হয়েছে। তাদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে।’

এর আগে বৃহস্পতিবার দুপুরে ওই বিদ্যালয়ের একে একে ৯ ছাত্রী অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুর রহমান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৩/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.