এইমাত্র পাওয়া

মাউশি কর্মকর্তাদের সামনেই অধ্যক্ষকে পেটালেন শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ ও শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সমাজকর্ম বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে।

শুক্রবার বিকেল ৫টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহত অধ্যক্ষ কামরুজ্জামান এবং ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক ড. গিয়াস উদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত অধ্যক্ষ কামরুজ্জামান বলেন, ‘কলেজ জাতীয়করণ বিষয়ে পরিদর্শনের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের একটি টিমের সদস্যরা কলেজে আসেন। শুক্রবার বিকেলে কলেজশিক্ষক মিলনায়তনে মাউশি টিমের সদস্যরা ইংরেজি ও বাংলার শিক্ষকদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় সমাজকর্ম বিভাগের শিক্ষক আব্দুল্লাহিল সাফি বহিরাগতদের নিয়ে ইসলামি শিক্ষা বিষয়ের শিক্ষক ড. গিয়াস উদ্দিনের ওপর হামলা চালান।’

অধ্যক্ষ আরও বলেন, ড. গিয়াস উদ্দিনের ওপর হামলার খবর পেয়ে তিনি সেখানে যান। তাঁকে দেখে আব্দুল্লাহিল সাফি বহিরাগতদের নিয়ে তাঁর ওপরও হামলা চালান। এ সময় তাঁর বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। ড. গিয়াস মুখে আঘাত পেয়েছেন। তাঁর মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছে।

এ বিষয়ে মহানগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ঘটনার পর পরই পুলিশ সদস্যদের নিয়ে তিনি কলেজ ক্যাম্পাসে যান। তবে এখনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৩/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.