এইমাত্র পাওয়া

প্রাথমিক বৃত্তি: যেখানে করা যাবে ফল যাচাইয়ের আবেদন

শিক্ষাবার্তা ডেস্কঃ  প্রথম দফায় বৃত্তির তালিকায় নাম থাকলেও সংশোধিত ফলাফলে অনেকে বাদ পড়েছে। এর উল্টোটাও ঘটেছে। পরীক্ষা না দিয়েও তালিকায় নাম এসেছে অনেকের।

তাই প্রাথমিক বৃত্তির সংশোধিত ফলেও আস্থা রাখাতে পারচ্ছেন না অনেক অভিভাবকরা। এজন্য সংশোধিত ফলাফলে সংক্ষুব্ধ শিক্ষার্থীরা ফল যাচাইয়ের সুযোগ পাবে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) ড. উত্তম কুমার দাশ জানান, বৃত্তির ফল চ্যালেঞ্জ ও পুনর্নিরীক্ষণ করার সুযোগ আইনে নেই। তারপরও এবার অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এ সুযোগ দিতে চাই। তিনি বলেন, সংশোধিত ফলাফলে সংক্ষুব্ধ শিক্ষার্থীরা এ আবেদন করতে পারবে।

তিনি জানান, উপজেলা, জেলা, বিভাগীয় বা অধিদপ্তরে এ আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। তবে এটাকে কোনোভাবেই ফলাফল চ্যালেঞ্জ বলা যাবে না।

ড. উত্তর কুমার দাশ আরও বলেন, সংশোধিত ফলাফলে কেউ সংক্ষুব্ধ হয়ে বা পরীক্ষায় অংশ নিয়েছে কিন্তু কোনো তালিকায় নাম আসেনি এমন যে কেউ এ আবেদন করতে পারবে। আমরা তাদের আবেদনগুলো যাচাই বাছাই করে দেখবো। উপজেলা, জেলা, বিভাগীয় বা অধিদপ্তরে এ আবেদন করা যাবে বলেও জানান তিনি।

তবে এই কর্মকর্তার দাবি, সংশোধিত ফলাফল প্রকাশের পর প্রকৃত মেধাবীদের কোনো অভিযোগ থাকার কথা নয়।

জানা গেছে, সংশোধিত ফলে মূলত যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ না নিয়েও ভুলের কারণে বৃত্তির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল, তাদের রোল বাদ গেছে। আর যাদের বৃত্তি পাওয়ার কথা নয়, এমন নামও কর্তন করা হয়। পাশাপাশি নতুন করেও অনেকে বৃত্তি পেয়েছে।

উল্লেখ্য, সারাদেশে প্রাথমিক বৃত্তির মোট কোটা ৮২ হাজার ৫০০টি। অবশ্য এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৮২ হাজার ৩৮৩ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে মেধা কোটায় (ট্যালেন্টপুল) বৃত্তি পেয়েছে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ শিক্ষার্থী।

প্রাথমিক বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা অষ্টম শ্রেণি পর্যন্ত প্রতি মাসে নির্ধারিত পরিমাণে টাকা পায়। এর মধ্যে মেধা কোটায় বৃত্তি পাওয়া শিক্ষার্থী মাসে ৩০০ টাকা এবং সাধারণ কোটায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসে ২২৫ টাকা করে পাবে। এ ছাড়া বৃত্তি পাওয়া সব শিক্ষার্থী বছরে এককালীন ২২৫ টাকা করে পায়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৩/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.