প্রাথমিকের সেই দুই সহকারী শিক্ষক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে হাজিরা খাতা কেড়ে নিয়ে স্বাক্ষর করা ও অফিসের গ্লাস ভাঙচুর করা দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম। সাময়িক বরখাস্ত দুই শিক্ষক হলেন- সহকারী শিক্ষক রতন কুমার সরকার ও এসবি ওয়াহিদা ইয়াসমিন গোলাপী।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম আরও জানান, বুধবার তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হবে।

জানা গেছে, ওই দুই শিক্ষক নিজেদের ইচ্ছেমত বিদ্যালয়ের আসা-যাওয়া করতেন। গত ২১ ফেব্রুয়ারি শহীদ দিবসে তারা অনুপস্থিত ছিলেন। ২২ ফেব্রুয়ারিও বিদ্যালয়ে না আসায় হাজিরা খাতায় তাদের অনুপস্থিত দেখান প্রধান শিক্ষক আবু হানিফা। খাতা দেখে সহকারী শিক্ষক রতন কুমার প্রধান শিক্ষকের কাছ থেকে হাজিরা খাতা কেড়ে নিয়ে সাদা কালির কলম দিয়ে লেখা মুছে নিজের উপস্থিত স্বাক্ষর করেন অপর শিক্ষক ওয়াহিদা ইয়াসমিনকে খাতা এগিয়ে দিলে তিনিও স্বাক্ষর করেন। এ নিয়ে তর্কে জড়িয়ে অফিসের টেবিলের গ্লাস ভাঙচুর করেন শিক্ষক রতন। শিক্ষক ওয়াহিদা অকথ্য ভাষা ব্যবহার করেন। প্রধান শিক্ষক মুঠোফোনে বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যানকে জানালে রোববার দুপুরে তারা ঘটনাস্থলে যান।

এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে এলাকাবাসী, সাবেক ছাত্র ও অভিভাবকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা আসলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। অভিভাবক ও এলাকাবাসী অভিযুক্ত দুই শিক্ষকের বদলির দাবিতে বিক্ষোভ করেন। পরে বিদ্যালয় অফিস কক্ষে দীর্ঘসময় আলোচনা হয়। এর আগে উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রধান শিক্ষককে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, শিক্ষকদের কাছ থেকে এ ধরণের আচরণ খুবই দুঃখজনক। প্রধান শিক্ষকের প্রতিবেদনের আলোকে উপজেলা শিক্ষা কর্মকর্তা একটি প্রতিবেদন দিয়েছেন। তার আলোকে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগামীকাল বুধবার তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হবে।

উল্লেখ্য, বিষয়টি নিয়ে এর আগে শিক্ষাবার্তা সহ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৩/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.