পরীক্ষা না দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে বৃত্তি পেয়েছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ‘গোরকমণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর এক শিক্ষার্থী।
জানা যায়, ওই ছাত্র ফরম পূরণ করলেও কেন্দ্রে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেনি। কেন্দ্রের ১০১ নম্বর কক্ষে সে অনুপস্থিত ছিল।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, নাগেশ্বরী উপজেলায় ৪৪ শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৩৭ শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে ফলাফল শিটে সাধারণ গ্রেডের ২৪ নম্বরে ওই শিক্ষার্থীর রোল অন্তর্ভুক্ত রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এ টি এম শফিকুল আলম বলেন, ‘বৃত্তি পরীক্ষার জন্য আমাদের বিদ্যালয় থেকে সাত শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। তার মধ্যে তিনজন পরীক্ষায় অংশ নেয়নি। তবে প্রকাশিত ফলাফলে অনুপস্থিত এক শিক্ষার্থীর রোল নম্বর রয়েছে।’
নাগেশ্বরী উপজেলা শিক্ষা অফিসার আশরাফুজ্জামান বলেন, ‘বিষয়টি শুনেছি। ফলাফল শিটে তার রোল কীভাবে এসেছে তা পর্যবেক্ষণ করা হবে।’
এ দিকে, আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশের পর সফটওয়্যারে টেকনিক্যাল ত্রুটির কারণে তথ্যগত ভুল থাকার কথা জানিয়ে সন্ধায় তা স্থগিত করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
