বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি

শিক্ষাবার্তা ডেস্কঃ ২০২৩ সালের অমর একুশে বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। গত বছরের তুলনায় এবার বইয়ের বিক্রি কিছুটা কমেছে। ২০২২ সালে ৫২ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছিল।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান একুশে বইমেলা কমিটির সদস্য সচিব ড. কে এম মুজাহিদুল ইসলাম।

এর আগে ২০২০ সালের মেলায় ৮২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল বলে জানা যায়। এর পরের বছর অর্থাৎ ২০২১ সালে মহামারির কারণে বইয়ের বিক্রি কমে মাত্র ৩ কোটি ১১ লাখ টাকায় নেমে আসে।

ড. কে এম মুজাহিদুল ইসলাম জানান, এবারের মেলায় কেবল বাংলা একাডেমির ১ কোটি ২৪ লাখ টাকার বই বিক্রি হয়েছে। আর পুরো মেলায় বিক্রি হয়েছে ৪৭ কোটি টাকার বই। প্রকাশকদের হিসাব ও বাংলা একাডেমির সংগ্রহকৃত তথ্যের ভিত্তিতে এ উপাত্ত জানা গেছে। এটি পুরোপুরি সঠিক নাও হতে পারে বলে জানান তিনি।

ড. কে এম মুজাহিদুল ইসলাম বলেন, এবারের মেলায় ২৫ শতাংশ ছাড়ে বই বিক্রি হয়েছে। প্রকাশিত হয়েছে ৩ হাজার ৭৫০টি নতুন বই। গত বছর নতুন বই প্রকাশিত হয়েছিলো ৩ হাজার ৪১৬টি। বাংলা একাডেমি কর্তৃক এ বছর ৭২২টি নিবন্ধিত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এবার মেলায় দর্শনার্থীর সংখ্যা ছিলো ৬৩ লাখের কিছু বেশি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর। সভাপতিত্ব করছেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

এ বছর অমর একুশে বইমেলা শুরু হয় ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনই। সশরীরে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনাগাড়ে টানা ২৮ দিন ধরে মেলা চলে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০২/২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.