শিক্ষাবার্তা ডেস্ক।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজের স্বামীকে তালাক দিয়ে প্রতারণা করে বদলির অভিযোগ উঠেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। অভিযুক্ত ওই শিক্ষিকা উপজেলার এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে চলতি দায়িত্বে রয়েছেন।
জানা গেছে, কোটচাঁদপুরের এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা আফরোজ ডলি গত ১৫ সেপ্টেম্বর বদলির জন্য অনলাইনে আবেদন করেন। বদলিজনিত নীতিমালায় আছে তালাকপ্রাপ্তদের জন্য ১৫ নম্বর যুক্ত হবে।
তিনি অতিরিক্ত ১৫ নম্বর পাওয়ার জন্য গত ২৫ আগস্ট কোটচাঁদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কাজীর মাধ্যমে কৌশলে তার স্বামী মমিনুল ইসলাম তোতাকে তালাক দেন। এরই মধ্যে বদলি প্রক্রিয়ার কার্যক্রম শেষ করে আবারও তার স্বামীর সাথে সংসার শুরু করেন শাহানা আফরোজ ডলি।
নাম প্রকাশে অনিচ্ছুক কোটচাঁদপুর উপজেলার এক সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, প্রধান শিক্ষিকা শাহানা আফরোজ ডলি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অসিত বরণ পালকে ম্যানেজ করে প্রতারণার মাধ্যমে কোটচাঁদপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়েছেন।তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষিকা শাহানা আফরোজ ডলি জানান, আমি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বদলি হয়েছি। একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
কোটচাঁদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অসিত বরণ পাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই সময়ে আমি বুঝতে পারিনি।এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ জানান, বিষয়টি আমি শুনেছি। অভিযুক্ত ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০২/২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
