শিক্ষাবার্তা ডেস্কঃ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা ও ৫ শতাংশ আদিবাসী কোটার দাবি জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের। সোমবার সকালে রাঙামাটির নিউ মার্কেটের সামনে এই দাবিতে মানববন্ধন করেছে তারা।
পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জিকো চাকমার সঞ্চালনায় এবং হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ম্রানুচিং মারমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি সরকারি কলেজ শাখার সভাপতি সুমন চাকমা, শহর শাখার সভাপতি মিলন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শান্তি দেবী তঞ্চঙ্গ্যা, পাহাড়ি ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিপন ত্রিপুরা এবং সভাপতি সুমন মারমা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সহ সভাপতি থোয়াইক্যজাই চাক।
থোয়াইক্যজাই চাকমা বলেন, বাংলাদেশে বাংলাভাষার পাশাপাশি আদিবাসীদের নিজস্ব ভাষা রয়েছে। কিন্তু রাষ্ট্রের আগ্রাসী জাতাকলে পিষ্ট হয়ে আদিবাসীদের ভাষাসমূহ হারিয়ে যাচ্ছে। বান্দরবানের রেংমিটচ্য ভাষার উদাহরণ টেনে বলেন, এ ভাষাটিও আগ্রাসনের ফলে হারিয়ে যাচ্ছে। আদিবাসীদের ভাষা সংরক্ষণ ও বিকাশের জন্য রাষ্ট্রের দায়িত্ব রয়েছে।
শান্তি দেবী তঞ্চঙ্গ্যা বলেন, বাংলাদেশ বহু ভাষা এবং বহু জাতির দেশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য পৃথিবীর সকল ভাষা সমান মর্যাদা প্রদান এবং বিকাশের রাষ্ট্র কর্তৃক উদ্যোগ গ্রহণ করা। এ জন্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে ২০২২-২০৩২ সাল পর্যন্ত “আদিবাসী ভাষা বর্ষ” হিসেবে ঘোষণা করেছে। ফেব্রুয়ারি মাস এলে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু কিছু সভা সেমিনার আয়োজন থাকলে আদিবাসীদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার চালুর কোন উদ্যোগ দেখা যায় না।
নিপন ত্রিপুরা বলেন, ভাষা কতগুলো কেবল বুলি সর্বস্ব নয়, ভাষা একটি জাতির সংস্কৃতি ও আত্মপরিচয়ের স্বাক্ষর। ভাষার মর্যাদার জন্য এদেশে আন্দোলন হয়েছে। অথচ এদেশে আদিবাসীদের ভাষা আজ অসংরক্ষিত ও হুমকির মুখে। আদিবাসীদের ভাষা নিয়ে রাস্তাঘাটে অফিস আদালতে বিভিন্ন জায়গায় ব্যঙ্গ-বিদ্রুপ এবং তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্চে। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে গঠিত স্বাধীন দেশে আদিবাসী ভাষা সংরক্ষণ ও স্বীকৃতির জন্য লড়াই করতে হচ্ছে তার জন্য সরকার এবং রাষ্ট্রের লজ্জা হওয়া উচিত।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
