নিজস্ব প্রতিবেদক, বাগেরহাটঃ জেলায় ছয়দিন ধরে নিখোঁজ রয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মহিদুল ইসলাম (৩৫)। গত ১৫ ফেব্রুয়ারি সকালে স্কুলে যাওয়ার জন্য বের হয়ে এখনও ফেরেননি তিনি। তার মুঠোফোনও বন্ধ রয়েছে।
নিখোঁজ স্কুলশিক্ষক বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের গাজীরহাট এলাকার সেকেন্দার আলীর ছেলে। উপজেলার ১৩৬ নং পশ্চিম গাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। স্ত্রীকে নিয়ে বাগেরহাট শহরের সরুই এলাকায় থাকতেন শিক্ষক মহিদুল।
এদিকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে নিখোঁজের একদিন পর গত ১৬ ফেব্রুয়ারি বাগেরহাট মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন ওই শিক্ষকের স্ত্রী মৌসুমী খানম। ছয়দিনেও সন্ধান না পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছে মহিদুলের পরিবার ও স্বজনরা।
শিক্ষক মো. মহিদুল ইসলামের স্ত্রী মৌসুমি খানম বলেন, আমার স্বামী মহিদুল ইসলাম ১৫ ফেব্রুয়ারি সকালে স্কুলে যাওয়ার জন্য বাগেরহাট শহরের সরুইয়ের বাসা থেকে বের হন। দুপুরে একবার তার সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে। এরপর আর ফেরেনি আমার স্বামী। পরে ফোনটিও বন্ধ পাই। যেকোনো মূল্যে আমার স্বামীকে ফিরে পেতে চাই।
নিখোঁজ মহিদুল ইসলামের ভাই ইউনিয়ন পরিষদের সদস্য মো. অহিদুল ইসলাম বলেন, ২০১৮ সালে স্ত্রী হত্যার অভিযোগে উপজেলার দেবরাজ গ্রামের রিপন শেখ ও তার বাবা হাসেম শেখের নামে একটি হত্যা মামলা হয়েছিল। আমার ভাই স্কুল শিক্ষক মো. মহিদুল ইসলাম এ মামলার তদবির করছিলেন। আমার ধারনা হত্যা মামলার আসামি রিপন শেখের বর্তমান স্ত্রী শিউলী বেগম লোকজন নিয়ে মহিদুল ইসলামকে আটকিয়ে রেখেছে। ভাইকে উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান তিনি।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক পুলিশ পরিদর্শক এস, এম, আশরাফুল আলম বলেন, মহিদুলকে সন্ধানে পুলিশের একাধিক টিম কাজ করছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আশাকরি মহিদুলকে খুঁজে পাওয়া যাবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
