নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহঃ মোটরসাইকেল দূর্ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের (বাকৃবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (এমএমসি) নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত ওই শিক্ষার্থীর নাম মোরশেদুল ইসলাম ইফতি। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দেবদারু সড়ক দিয়ে মোটরসাইকেলে করে আব্দুল জব্বার মোড় যাচ্ছিলেন ইফতি ও তাঁর বন্ধু। এসময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে যানটি টিএসসি সামনের সংস্কারাধীন রাস্তার গর্তে পড়ে যায় । এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান ইফতি ও তার বন্ধু হাসিব (বাকৃবির শিক্ষার্থী)। গুরুতর আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের পুলিশের সহযোগিতায় তাঁদেরকে এমএমসিতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের কর্মরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যায়ের উপাচার্যের বাসভবনের সামনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সড়ক অবরোধ করেন সাধারণ শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে প্রক্টরের পদত্যাগের জন্য স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। ইফতির মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, রাস্তা মেরামতের স্থানে কোনো সতর্ক সংকেত, রোড ডিভাইডার বা অন্য কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা স্থাপন করা ছিল না। হাসপাতালে নেওয়ার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঠিক তদারকির অভাবে দায়সারাভাবে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, ইফতি মারা যাওবার পর লাশ নিয়ে আসতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাহায্য চান তাঁরা। তিনি অপারগতা জানিয়ে সেখানকার ছাত্রনেতাদের সাহায্যে লাশ উদ্ধার করে নিয়ে আসার পরামর্শ দেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

