তুরস্কে ফের শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩

শিক্ষাবার্তা ডেস্কঃ শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের দক্ষিণাঞ্চলে আবার ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৬৮০ জন মানুষ।

স্থানীয় সময় সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলের হাতায় প্রদেশে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। এরপর আরও ৩২টি পরাঘাতে কেঁপে উঠেছে তুরস্কের ওই অঞ্চল। ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বমোট ৩৩ বার কেঁপে উঠলো তুরস্ক।

তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা এ তথ্য জানিয়েছে। হাতায় প্রদেশের দেফনে শহরে এ ভূমিকম্প আঘাত হানে। এর ২০০ কিলোমিটার উত্তরের আনতাকিয়া ও আদানা শহরের গণমাধ্যমকর্মীরাও ভূমিকম্প অনুভব করেছেন।

এএফপির একজন সাংবাদিক আতঙ্কের দৃশ্য বর্ণনা করে জানান, নতুন করে হওয়া ভূমিকম্পে বিধ্বস্ত শহরের আকাশে ধুলোর মেঘ উড়তে দেখা গেছে।

৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। এতে ৪৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুধু তুরস্কেই ৪১ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

ওই ভূমিকম্পের পর তুরস্কে ৬ হাজারের বেশি পরাঘাত অনুভূত হয়েছে বলে এএফএডি জানিয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০২/২৩   


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.