জিপিএ-৫ না পেয়ে ছাত্রীর আত্মহত্যা

শিক্ষাবার্তা ডেস্কঃ দিনাজপুরে উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন নৌশিন জাহান (১৭) নামের এক শিক্ষার্থী।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) বিকালে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এর আগে দুপুরে শহরের দক্ষিণ বালুবাড়ি এলাকার বাড়ির নিজ শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নৌশিন জাহান পার্বতীপুর উপজেলার আরজি দেবিপুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। দিনাজপুর সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪ পেয়েছিল।

পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, বুধবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে জিপিএ-৪ পায় নৌশিন। কিছুক্ষণ পর নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এ সময় মা-বাবা বাসার বাইরে ছিলেন। পরে নৌশিনের চাচা তার বাবার কাছে ফল জানতে চাইলে নৌশিনকে কল দেন। ফোন রিসিভ না করায় বাড়ির পাশের লোকজনকে দেখতে বলেন তার বাবা। দরজা বন্ধ পেয়ে ঘরের ভেন্টিলেটর দিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন প্রতিবেশীরা। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, ‘মেয়েটি এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪ পেয়েছিল। প্রত্যাশা অনুযায়ী জিপিএ-৫ না পাওয়ায় আত্মহত্যা করেছে। স্বজনদের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০২/২৩   


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.