শিক্ষাবার্তা ডেস্কঃ বাংলা একাডেমি কর্তৃক আপত্তি জানানো তিনটি বই বিক্রি ও প্রদর্শনী না করার শর্তে মুচলেকা দিয়ে অমর একুশে বইমেলায় স্টল দেওয়ার অনুমতি পেয়েছে আদর্শ প্রকাশনী।
আজ বুধবার বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি ইকবাল কবীর লিটনের হাইকোর্ট বেঞ্চ আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দের নির্দেশ দিয়েছেন।
আপত্তি জানানো বই তিনটি হলো ফাহাম আবদুস সালামের ‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে’, জিয়া হাসানের ‘উন্নয়ন বিভ্রম’, ফয়েজ আহমদ তৈয়্যবের ‘অপ্রতিরোধ্য উন্নয়নের অভাবনীয় কথামালা’।
এর আগে গত ২ ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আদর্শ প্রকাশনীর স্বত্বাধিকার মো. মাহবুবুর রহমান বাদী হয়ে একটি রিট দায়ের করেন। রিট আবেদনে আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়া কেন অবৈধ ঘোষণা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে এ প্রকাশনীকে স্টল বরাদ্দ দিতে নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে বাংলা একাডেমির মহাপরিচালক ও সভাপতিসহ চারজনকে বিবাদী করা হয়।
রিট আবেদনে বলা হয়েছে, শুধু একটি বইয়ের জন্য কাগজে-কলমে মেলাতে পুরো প্রকাশনীর অংশগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ সে বইটি ব্যান্ড বা ব্ল্যাকলিস্টেড নয়। তাদের এমন সিদ্ধান্ত বাংলা একাডেমি আইন ২০১৩ অনুযায়ী কোনো বৈধতা নেই। একই সঙ্গে প্রতিবছর একাডেমি থেকে যে নীতিমালা করা হয়, তারও ব্যত্যয় ঘটিয়ে সিদ্ধান্ত দিয়েছে বাংলা একাডেমি। তাদের এমন সিদ্ধান্ত সংবিধানের বাকস্বাধীনতার বিরোধী।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
