শিক্ষাবার্তা ডেস্কঃ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় ৪.২৯ পেয়ে উত্তীর্ণ হয়েছেন জসিম মাতুব্বর। লেখাপড়া শেষ করে মানুষ গড়ার কারিগর শিক্ষক হতে চান তিনি।
বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে জসিম মাতুব্বর পাসের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফরিদপুর সিটি কলেজের বিএম শাখা থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে ৪.২৯ পেয়ে এইচএসসি পাশ করেছি। আমরা চার ভাই এক বোনের মধ্যে আমি সবার বড়। পড়ালেখা শেষ করে পরিবারের দায়িত্ব কাঁধে নিতে চাই। তাই স্বাবলম্বী হওয়ার সংগ্রামে নেমেছি। আমি সবার দোয়া ও সহযোগিতা চাই। আমার স্বপ্ন লেখাপড়া শেষ করে শিক্ষক হবো।
জসিম ফরিদপুরের নগরকান্দা উপজেলার কদমতলী গ্রামের উত্তরপাড়ার দরিদ্র কৃষক হানিফ মাতুব্বরের ছেলে। লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করেন মেধাবী এ শিক্ষার্থী। স্থায়ীভাবে নগরকান্দা বাজারে পা দিয়ে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন তিনি।
জসিম মাতুব্বরের বাবা হানিফ মাতুব্বর বলেন, জসিম জন্মের পর থেকে প্রতিবন্ধী। তার দুটি হাতই নেই। স্বাভাবিক চলাফেরাও ঠিকমত করতে পারে না। তবে জসিম বেশ মেধাবী। বাবা হিসেবে তার এ সাফল্যে আমি গর্বিত।
নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার জাগো নিউজকে বলেন, জসিম মাতুব্বর একজন অদম্য মেধাবী শিক্ষার্থী। জসিম পা দিয়ে লিখে এবার এইচএসসি পাশ করেছেন। তার প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করবো।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক জাগোবলেন, মেধাবী অদম্য জসিম মাতুব্বরের লেখাপড়ার বিষয়ে এবং সামনের দিকে এগিয়ে যেতে নিয়ম অনুযায়ী সাধ্যমতো সাহায্য সহযোগিতা করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
