শিক্ষাবার্তা ডেস্কঃ খুলনার ডুমুরিয়ার ৩০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে স্কুল ছাত্র নীরব মণ্ডলকে (১২) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত একটার দিকে গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নীরব গুটুদিয়া গ্রামের শেখর মণ্ডলের ছেলে। সে গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিলো।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বাড়ির পাশে স্কুলে যায় নীরব। নির্দিষ্ট সময়ে বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি করে তার পরিবার। এর পর বিকাল সাড়ে ৪টার দিকে নীরবের পিতা শেখরের কাছে মোবাইল ফোন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ঘটনাটি থানাপুলিশকে জানান শেখর মণ্ডল। খবর পেয়ে পুলিশ নীরবকে উদ্ধার করতে তৎপরতা শুরু করে। একপর্যায়ে রাত ১টার দিকে গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে নীরবের লাশ উদ্ধার করে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী গুটুদিয়া গ্রামের মৃত সৈয়দ আলী মোল্যার ছেলে সোহেল মোল্যা (১৫),পংকজ মণ্ডলের ছেলে পিতু মণ্ডল (১৫), প্রকাশ রায়ের ছেলে হিরক রায় (১৫), ষষ্ঠ শ্রেণির ছাত্র ক্ষিতিশ রায়ের ছেলে দীপু রায় (১২) ও ১০ম শ্রেণির ছাত্র উপজেলার তেলিগাতি গ্রামের অনিমেশ কবিরাজের ছেলে পিয়াল মণ্ডলকে (১৬) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
