গোপালগঞ্জ প্রতিনিধি
এবারের মেডিকেলে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফলে জাতীয় মেধা তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছেন গোপালগঞ্জের মেয়ে তাসফিয়া মাছুমা। গত মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে মেডিকেলের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। তাসফিয়ার এমন ফলে আনন্দের বন্যা বইছে তার পরিবারে।
জানা গেছে, জাতীয় মেধা তালিকায় চতুর্থ স্থান অর্জনকারী তাসফিয়া মাছুমা গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর গ্রামের ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের ছোটো মেয়ে।
তাসফিয়া ঢাকা রাজউক কলেজ থেকে এসএসসি ও ঢাকার হলিক্রস কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে এইচএসসিতে উত্তীর্ন হন। শিক্ষানুরাগী পরিবারের মেয়ে তাসফিয়া। তার বড় বোন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। বাবা বিএসসি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান বর্তমানে প্রবাসে আছেন। তাসফিয়ার মায়ের নাম সেলি বেগম একজন গূহিনী।
এমন ফলাফলে কেমন লাগছে জানতে চাইলে তাসফিয়া বলেন, এর চেয়ে বড় খুশির সংবাদ আর কিছুই হতে পারে না। চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করার সুযোগ পাব এর চেয়ে খুশির সংবাদ আর কি বা হতে পারে?
তিনি আরো বলেন, ভালো চিকিৎসক হওয়ার আগে একজন ভালো মানুষ হয়ে দেশসেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।
তাসফিয়ার এমন কৃতিত্বের বিষয়ে তার চাচা মাহফুজুর রহমান গণমাধ্যমকে বলেন, তাসফিয়া মেডিকেলের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় চতুর্থ হয়ে গোপালগঞ্জের গৌরব এনে দিয়েছে। যদিও এমন অর্জনে তারই কৃতিত্ব বেশি। কারণ সে খুব কম সময় গোপালগঞ্জে থেকেছে। তাসফিয়া খুবই মেধাবী শিক্ষার্থী।
প্রসঙ্গত, গত ১১ অক্টোবর সারাদেশে একযোগে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সরকারি-বেসরকারি মেডিকেলে ১০ হাজার ৪০৪ আসনের বিপরীতে অংশ নেন ৬৯ হাজার ৪০৫ শিক্ষার্থী। পরীক্ষায় প্রথম রাগীব নূর, দ্বিতীয় তৌফিকা রহমান নেহা, তৃতীয় সুইটি সাদেক এবং চতুর্থ স্থান অর্জন করেছেন গোপালগঞ্জের মেয়ে তাসফিয়া মাছুমা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
