এইমাত্র পাওয়া

বড় ভাই মুক্তিযোদ্ধা নন, অভিযোগ ছোট ভাইয়ের

শিক্ষাবার্তা ডেস্কঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে খেতাবপ্রাপ্ত শহীদ বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত তাজুল ইসলাম। তবে তিনি ভুয়া মুক্তিযোদ্ধা বলে অভিযোগ তারই ছোট ভাই গোলন্দাজের। এমন অভিযোগ আমলে নিয়ে তদন্তে নেমেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। যুদ্ধ না করেও দীর্ঘদিন ধরে ভাতা উত্তোলন করা হচ্ছে—এমন অভিযোগে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। তবে পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে এমন গুজব ছড়ানো হচ্ছে।

১৯৭১ সালে বাড়ি থেকে নিখোঁজ হন গফরগাঁও উপজেলার চাকুয়া গ্রামের তাজুল ইসলাম। পরে জানা যায়, তিনি নরসিংদীর বেলাবো উপজেলায় মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। এ বিষয়ে এত দিন কোনো কথা না উঠলেও পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে সম্প্রতি তাজুল ইসলাম মুক্তিযোদ্ধা কিনা, এ বিষয়টি আলোচনায় আসে। এ ছাড়া মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়কে পুঁজি করে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে তাজুল ইসলামের ছেলে দুলালের বিরুদ্ধে।

অভিযোগকারী গোলন্দাজ মিয়া বলেন, ‘তাজুল ইসলাম আমার বড় ভাই। ১৯৭১ সালে বাড়ি থেকে তিনি নিখোঁজ হন। এরপর তাকে আর কেউ খুঁজে পায়নি। কিন্তু তাকে শহীদ মুক্তিযোদ্ধা বানিয়ে তার ছেলে দুলাল মিয়া মুক্তিযোদ্ধা ভাতাসহ সরকারি অনেক সুযোগ-সুবিধা ভোগ করছেন। দুলালের অন্যায়-অত্যাচার সহ্য করতে না পেরে বাধ্য হয়ে অভিযোগ করেছি।’

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা জহুর আলী বলেন, ‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বেসামরিক গেজেট ছাড়া অন্য কোথাও তাজুল ইসলামের নাম নেই। এবার মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে এর সঠিক সমাধান দিক।’

তবে তাজুল ইসলামের ছেলে দুলাল মিয়া পুরো বিষয়টিই অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘জমি নিয়ে বিরোধে আমার বাবার নামে গুজব ছড়ানো হচ্ছে। একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে এমন ষড়যন্ত্র কখনো আশা করা যায় না। অথচ আজ যারা অভিযোগ করছেন, বিগত সময়ে তারাই আমার বাবার ভাতা তুলে খেয়েছেন। এখন ভাতা খাওয়া বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবা শহীদ মুক্তিযোদ্ধা নন বলে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে বেড়াচ্ছেন।’

এ বিষয়ে গফরগাঁওয়ের সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন চৌধুরী বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনার পরিপ্রেক্ষিতে একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/৩০/২৩  


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.