এইমাত্র পাওয়া

মাধ্যমিকের সাড়ে ১১ হাজার বই পাচার, ঝাড়ু মিছিল

শিক্ষাবার্তা ডেস্কঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ের সাড়ে ১১ হাজার বই পাচারের ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সুন্দরগঞ্জ পৌর এলাকায় উপজেলার সচেতন নাগরিক সমাজের আয়োজনে এ বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঝাড়ু মিছিলে অংশ নেয়। পরে মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডলের কুশপু্তুল দাহ করে বিক্ষোভকারীরা।

বিক্ষোভ শেষে পুরনো উপজেলা পরিষদ মাধ্যমিক শিক্ষা অফিস সংলগ্ন চত্বরের সমাবেশে বক্তব্যে বক্তারা বলেন, বইয়ের গোডাউন থেকে সাড়ে ১১ হাজার বই চুরি করে মোটা অঙ্কের টাকার লোভে পাচার করেছে বই সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীরা। এটি সরকারের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ করেছে। সরকারকে বেকায়দায় ফেলতেই এটি ঘটানো হয়েছে। এতগুলো বই চুরি করা মাধ্যমিক অফিসের অফিস সহায়ক মাজেদের একার পক্ষে সম্ভব নয়।

তাদের দাবি, এ ঘটনার সাথে দুর্নীতিবাজ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন মন্ডল জড়িত রয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন মন্ডল প্রায় ১০ বছর ধরে সুন্দরগঞ্জে চাকরি করছেন। তার সাথে যোগসাজশ না থাকলে একজন অফিস সহায়ক এই কাজ করতে পারে না। কোনোভাবেই তিনি বই চুরির দায় এড়াতে পারেন না। তাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলে বই চুরির প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

এ সময় বক্তারা ওই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অপসারণ করে মামলায় অন্তর্ভুক্ত করার দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক প্রভাষক মাসুদুর রহমান প্রামানিক, যুগ্ম আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাজেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আহসান হাবিব মাসুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা জাসদের সাবেক সভাপতি মুসলিম আলী মাস্টার, জেলা ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি বীরেন সরকার মিন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা রতন মিয়া, সুমন মিয়া প্রমুখ।

উল্লেখ্য, সুন্দরগঞ্জ থেকে সাড়ে ১১ হাজার সরকারি বই ট্রাকে করে পাচারকালে গত ১৫ জানুয়ারি বিকেল ৪টায় ড্রাইভার ও হেলপারকে আটক করে বইগুলো উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। এ ঘটনায় পরদিন ১৬ জানুয়ারি সুন্দরগঞ্জ থানায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন মন্ডল বাদী হয়ে তার অফিসের অফিস সহায়ক মাজেদ, ট্রাক ড্রাইভার শ্যামল ও হেলপার রাসেলকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ ও পরে ডিবি পুলিশের ওপর তদন্তের দায়িত্বভার দেওয়া হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/৩০/২৩  


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.