বাল্যবিয়ে বন্ধ করে স্কুলছাত্রীর বাবাকে অর্থদণ্ড

শিক্ষাবার্তা ডেস্কঃ হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে মেয়ের বাবাকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালতে।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে ৯টার দিকে আজমিরীগঞ্জ পৌরসভার শুকড়িবাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে এ জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম।

স্থানীয় মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীর বয়স ১৬ বছর। বানিয়াচং উপজেলার পুকড়া গ্রামের প্রজেশ সূত্রধরের ছেলে বিভাশ সূত্রধরের সঙ্গে তাকে বিয়ে দেওয়া হচ্ছিল। রাতে মেয়ের বাড়িতে চলছিল বিয়ের আনুষ্ঠানিকতা।

খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মেয়ের বাবাকে ২ হাজার টাকা জরিমানা করে বিয়েটি বন্ধ করে দেন তিনি। আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী, মেয়ের বাবাকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে তিনি মেয়েকে বিয়ে দিবেন না বলে মুচলেকাও দিয়েছেন তিনি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/২৮/২৩ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.