পাঠ্যবইয়ে ভুল: সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।।

শিক্ষামন্ত্রী দীপু মনি নতুন শিক্ষাক্রমে পাঠ্যবইয়ের ভুল-ভ্রান্তি, তথ্য বিকৃতি, সংশোধনী ও এ বিষয়ে মন্ত্রণালয়ের পদক্ষেপ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন।

সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১টায় রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে নতুন শিক্ষাক্রমের বিষয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী।

এর আগে সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাথমিক স্তরের শিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে উল্লেখিত বিষয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এসময় তিনি উত্থাপিত সমালোচনা এবং বিতর্ক নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারকে সরাতে বর্তমানে কোনো কিছু ইস্যু না পেয়ে কেউ কেউ নতুন শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের ওপরে ভর করার চেষ্টা করছেন। তাদের নিয়ে করুণা করা যায়। পাঠ্যপুস্তক নিয়ে তারা যা বলছেন তা মিথ্যাচার, সেটি মেনে নেওয়া যায় না। এখন পর্যন্ত যেগুলো ভুল পাওয়া গেছে তা সংশোধন করে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। বাকি বইগুলো সবার জন্য উন্মুক্ত আছে। সবাই মতামত দেন। যেসব মতামত যৌক্তিক তা গ্রহণ করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.