এইমাত্র পাওয়া

চবি ভিসির কার্যালয়ে নিয়োগপ্রার্থীকে মারধর

শিক্ষাবার্তা ডেস্কঃ শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় অংশ নিতে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের মারধরের শিকার হয়েছেন একজন নিয়োগপ্রার্থী।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে উপাচার্যের সভাকক্ষে এ ঘটনা ঘটে।

শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুলে ওই প্রার্থীকে মারধর করেন ছাত্রলীগের ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) গ্রুপের অনুসারীরা। তবে বিষয়টি অস্বীকার করেছে ছাত্রলীগ।

মারধরের শিকার ওই শিক্ষক প্রার্থীর নাম নূর হোসাইন। তিনি চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০০৩-০৪ সেশনের শিক্ষার্থী। মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর মারধরের শিকার হন তিনি।

শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, নূর হোসাইন তৎকালীন সময়ে শিবিরের ক্যাডার ছিল। বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী মারুফ ইসলামকে তার নেতৃত্বে মারধরও করা হয়েছে। সেজন্য আমাদের কর্মীরা তার বিরুদ্ধে অভিযোগ দিতে ভিসি অফিসে যায় এবং তাকে খুঁজে বের করার সময় হট্টগোল সৃষ্টি হয়। পরবর্তীতে আমরা তার বিরুদ্ধে প্রক্টর অফিসে মৌখিক অভিযোগ দিয়েছি। তাঁরা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ায় আমরা ফিরে আসি।

চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, রাজনীতি বিজ্ঞান বিভাগে প্রভাষক পদে মৌখিক পরীক্ষা চলাকালে কয়েকজন ছাত্রলীগ কর্মী ভিসি অফিসের রিসেপশনে এসে ঝামেলার চেষ্টা করলে খবর পেয়ে প্রক্টরিয়াল বডি এসে তাদেরকে ভিসি অফিস থেকে বের করে দেয়।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী যে কারও নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার অধিকার আছে। তবে প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও অভিযোগ থাকলে লিখিতভাবে জানানোর জন্য তাদের বলা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/২৩/২৩    


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.