এইমাত্র পাওয়া

‘নতুন পাঠ্যক্রমে পাঠদান ২০২৫ সালে’

শিক্ষাবার্তা ডেস্কঃ আগামী ২০২৫ সাল থেকে নতুন পাঠ্যক্রমে পাঠদান করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি। তিনি বলেন, আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। সেজন্য শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে। পড়ালেখাসহ সব কাজে শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ বাস্তবে রূপ পাবে। প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ হবে।

শুক্রবার (২০ জানুয়ারি) পুরাণ ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ‘মিশন উইথ এ ভিশন’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা চাই শিক্ষাব্যবস্থায় রূপান্তর আনতে আর সে পথেই হাঁটছি। আমরা এখন খুব সহজেই দেশের যে কোনো অঞ্চলের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারি। প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চল বলে কিছু নেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার উজ্জ্বল প্লাসিড পেরেইরা, দ্যা গ্রেগরিয়ান সোসাইটির প্রেসিডেন্ট ইউসুফ রাহমান, সৈয়দ এ হাবিবসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থী।

শিক্ষামন্ত্রী স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। আমার পরিবারের সদস্যরাও এ প্রতিষ্ঠানে শিক্ষাগ্রহণ করেছে, সেই সুবাদে আমি এই প্রতিষ্ঠানকে আমার নিজের প্রতিষ্ঠান বলেও মনে করি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/২১/২৩   


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.