জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের সব জেলা-উপজেলায় প্রতিবন্ধী বাচ্চাদের জন্য স্কুল নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে মেহেরপুর বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধী শিশুরা যেন মূলস্রোতে আসতে পারে সেজন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এরই মধ্যে সারাদেশে বিভিন্ন স্থানে প্রতিবন্ধী স্কুল জাতীয়করণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ভাতা চালু করা হয়েছে।
তিনি আরো বলেন, স্থানীয় এমপি ও জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলায় এবং উপজেলায় যেন একটি করে প্রতিবন্ধী স্কুল থাকে এবং তাতে প্রতিবন্ধী শিশুরা পড়ালেখা করতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন- মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লিউজা উল জান্নাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন, মেহেরপুর বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম শিলা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আর হীরা, মেহেরপুর দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, শহর সমাজসেবা সভাপতি আমিনুল ইসলাম খোকন প্রমুখ।
মেহেরপুর বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ভাড়ায় পরিচালিত হয়ে আসছিল। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ও জেলা প্রশাসনের সহযোগিতায় ১২ লাখ টাকা ব্যয়ে নতুন ক্যাম্পাসটি প্রতিষ্ঠা করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
